মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কৃষি, মৎস্য সম্পদের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে হোসেন্দী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। দেশের বিভিন্ন এলাকায় খাল পুনঃখননসহ পানি ব্যবস্থাপনা উন্নয়নে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, হোসেন্দী খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার আরও বিভিন্ন এলাকায় এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পে প্রায় ৪৯ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খাল পুনঃখনন শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা কমবে, সেচ সুবিধা বাড়বে এবং কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকারের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।