প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৯:৩৯ পিএম আপডেট: ০৫.০৫.২০২৬ ৯:৪০ পিএম (ভিজিটর : ৩)


ভোজনরসিকদের কাছে শিক কাবাব অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। সাধারণত রুটি বা পরোটার সঙ্গে পরিবেশিত এই কাবাবের শুকনো সংস্করণই বেশি পরিচিত। তবে স্বাদে ভিন্নতা আনতে চাইলে ঝোলযুক্ত শিক কাবাব হতে পারে দারুণ একটি বিকল্প, যা পরিচিত খাবারকে নতুন মাত্রা দেয়।
উপকরণ:
এই বিশেষ রেসিপির জন্য প্রয়োজন হাড়ছাড়া মুরগির মাংস, কাবাব মসলা, ডিম, কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, জিরা ও ধনিয়া গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আদা-রসুন বাটা, কাজুবাদাম বাটা ও টক দই।
কাবাব তৈরি:
প্রথমে মুরগির মাংস চিলি ফ্লেক্স ও লবণ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরপর এতে ডিম, কর্নফ্লাওয়ার, ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং আদা-রসুন বাটা মিশিয়ে ভালোভাবে মাখাতে হবে। মিশ্রণ থেকে সামান্য করে নিয়ে কাঠিতে গেঁথে লম্বা আকারে কাবাব তৈরি করে তেলে ভেজে রাখতে হবে।
রন্ধন পদ্ধতি:
এরপর ঝোল তৈরির জন্য আলাদা প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও বাদাম হালকা ভেজে নিতে হবে। এতে ধনিয়া পাতা দিয়ে সামান্য ভেজে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করতে হবে।
অন্য একটি কড়াইয়ে তেল ও সামান্য ঘি গরম করে লবঙ্গ ও এলাচের ফোড়ন দিতে হবে। এরপর পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিয়ে ব্লেন্ড করা মিশ্রণটি যোগ করতে হবে। এর সঙ্গে গোল মরিচ, জিরা, ধনিয়া ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে। পরে এতে ক্রিম ও লবণ দিয়ে আবার কষিয়ে নিতে হবে।
মসলার ওপর তেল ভেসে উঠলে ভেজে রাখা কাবাবগুলো এতে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রান্নার পর চাইলে নারিকেলের দুধ যোগ করা যেতে পারে। এরপর ঢেকে কিছু সময় রান্না করে ওপরে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করলে ঝোল-মাখা এই শিক কাবাব স্বাদে এনে দেবে এক নতুন অভিজ্ঞতা।