প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১:৩৮ পিএম (ভিজিটর : ২২)
নীলফামারীর Uttara EPZ-এ অবস্থিত চশমা ও অপটিক্যাল ফ্রেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান Magen BD Limited অনির্দিষ্টকালের জন্য ‘বন্ধ’ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এক লিখিত নোটিশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় কারখানা কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়, বিদ্যুৎ, গ্যাস ও কাঁচামালের বৈশ্বিক সংকট এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়ায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে বাধ্য হয়ে ‘লে-অফ’ ঘোষণা করা হয়েছে।
কারখানার পরিচালক (অপারেশন) এরেন লি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯-এর ১৫ ধারা অনুযায়ী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময় কোনো শ্রমিক বা কর্মচারীকে কারখানায় উপস্থিত হতে হবে না। তবে আইন অনুযায়ী তারা প্রাপ্য বেতন-ভাতা পাবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭ থেকে ১৪ মে’র মধ্যে শ্রমিক ও কর্মকর্তাদের বোনাস ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান, কাঁচামালের সংকট ও অর্ডার কমে যাওয়াই এ সিদ্ধান্তের মূল কারণ। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নতুন অর্ডার পাওয়া গেলে কারখানাটি পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটিতে বর্তমানে দেশি-বিদেশি মিলিয়ে ৪ হাজার ৩৬১ জন শ্রমিক ও কর্মকর্তা কর্মরত আছেন। এছাড়া কারিগরি ও প্রশাসনিক কাজে ৯৬ জন চীনা নাগরিক নিয়োজিত রয়েছেন।