বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানীর দাম বৃদ্ধির কারণে নাটকীয় ভাবে বাসভাড়া ও নিত্য পণ্যের দাম বৃদ্ধির সুযোগ নেই। এক্ষেত্রে নজরদারি বাড়ানো হবে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জের গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের যায়গায় গড়ে ওঠা নিট শিল্প পল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরেই ব্যক্তিখাতের শিল্প কারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে যে উৎপাদন ব্যহত হয়ে রপ্তানি কমে গিয়েছে ব্যাপারটা এমন না। রপ্তানির বৈশ্বিক একটা মৃদুভাব সেটিও এটার একটা বড় নিয়ামক কারণ।
এসময় মন্ত্রী আগামীতে নতুন বিনিয়োগকারিদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির দিকে না গিয়ে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির আহ্বান জানান।
তিনি বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলির মধ্যে দুইটি প্লট নিয়ে শিল্প স্থাপন করা হয়েছে। আরো দুইটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছেন। আর বাদবাকি যে প্লটগুলি আছে সেগুলিতে কিছু স্থানীয় দখল সমস্যা আছে। এই সমস্যাগুলি আগামী দিনে তড়িৎ সমাধান করে প্রত্যেকটি শিল্পপ্লটে আমরা বিনিয়োগের ব্যবস্থা করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এবং বিটিএমসির চেয়ারম্যান ব্রিঃ জেঃ এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) বিটিএমসি কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাব রক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বির । এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টরা টেক্সটাইল শিল্প পল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড নামে একটি পোশাক কারখানা পরিদর্শন করেন। পরে বাকি প্লটগুলোও তারা পরিদর্শন করেন।