প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সার্বভৌমত্ব, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত উৎকর্ষ, সক্ষমতা বৃদ্ধি এবং একটি দক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের দূরদর্শী নেতৃত্ব ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সংকটময় সময়ে নৌবাহিনী প্রধান হিসেবে অ্যাডমিরাল নাজমুল হাসান দেশ ও জাতির কল্যাণে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। অস্থিতিশীল পরিস্থিতিতেও স্থানীয় প্রশাসনকে সহায়তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
এ সময় প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধান ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
জবাবে অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত নৌবাহিনী প্রধানও প্রধানমন্ত্রীর একই ধরনের সহযোগিতা ও দিকনির্দেশনা পাবেন।