দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

খেলা

অধিনায়ক মিচেল স্যান্টনার ব্যস্ত থাকবেন আইপিএলে। সেখানে তার সঙ্গী শীর্ষ ক্রিকেটারদের আরও বেশ কজন। কয়েকজন আছেন পিএসএল অভিযানে। দ্বিতীয় বা

2026-04-01T16:11:49+00:00
2026-04-01T16:11:49+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড
স্পোর্টস রিপোর্টার
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম 
অধিনায়ক মিচেল স্যান্টনার ব্যস্ত থাকবেন আইপিএলে। সেখানে তার সঙ্গী শীর্ষ ক্রিকেটারদের আরও বেশ কজন। কয়েকজন আছেন পিএসএল অভিযানে। দ্বিতীয় বা তৃতীয় সারির দল নিয়েই তাই বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। সাদা বলের দুই সংস্করণেই এই সফরে দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

নিয়মিত ক্রিকেটাররা দলে থাকলে টি-টোয়েন্টি দলের ধারেকাছেও থাকার কথা নয় ল্যাথামের। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন তিনি মোটে ২৯টি। তবে নানা সময়ে মূল ক্রিকেটারদের অনুপস্থিতিতে ১৩ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন দলকে। ২০২১ সালে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তিনি ছিলেন অধিনায়ক।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সফরের জন্য গত সোমবার স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চোট কাটিয়ে দলে ফিরেছেন তিন পেসার ম্যাট ফিশার, উইল ও রোক ও ব্লেয়ার টিকনার।

এই দলের মুহাম্মাদ আব্বাস, আদিত্য অশোক, নিক কেলি, ডিন ফক্সক্রফট, জেডেন লেনক্স, ক্রিস্টিয়ান ক্লার্ক ও জশ ক্লার্কসন গত বছর বাংলাদেশ সফর করে গেছেন নিউজিল্যান্ড এ দলের হয়ে। ২০২৪ সালের এপ্রিলের পর প্রথমবার সাদা বলের দলে ফিরেছেন অফ স্পিনিং অলরাউন্ডার ফক্সক্রফট।

আন্তর্জাতিক ক্যারিয়ারের দারুণ শুরু করা পেসার ও রোককে রাখা হয়েছে শুধু ওয়ানডে দলে। টি-টোয়েন্টি দলে আছেন ফিশার। দুটি দলেই ডাক পেয়েছেন টিকনার ও ফক্সক্রফট।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ফক্সক্রফট। একদিনের ম্যাচের প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে চ্যাম্পিয়ন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে আসর শেষ করেন তিনি। ১১ ইনিংসে ৪৩৫ রান করে তিনি ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।

পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে কিউইরা। মাঠের লড়াই শুরু ওয়ানডে সিরিজ দিয়ে। মিরপুরে প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল। সিরিজের শেষ ওয়ানডে চট্টগ্রামে হবে ২৩ এপ্রিল।

আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে আরেকটি গুরুত্বপূর্ণ সিরিজ এটি বাংলাদেশের জন্য। র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারলে উন্নতি হবে বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামেই হবে ২৭ ও ২৯ এপ্রিল। শেষ ম্যাচটি মিরপুরে হবে ২ মে।

নিউজিল্যান্ড ওয়ানডে দল : টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও রোক, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল : টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভিন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: