দেশব্যাপী নতুন আঙ্গিকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। সিলেট থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman।
সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ চালু হয়েছিল, যা দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার সম্প্রচার শুরু হয়েছে। এবার সেই ধারণাকে আরও বিস্তৃত করে ক্রীড়া প্রতিভা অন্বেষণের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া শুধু বিনোদন বা শরীরচর্চার বিষয় নয়, এটি এখন একটি স্বীকৃত পেশা। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি নীতিমালার আওতায় খেলোয়াড়দের বেতন কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার প্রথমবারের মতো দেশের ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। এর মাধ্যমে খেলোয়াড়রা যেন তাদের পছন্দের খেলাকে পেশা হিসেবে গ্রহণ করে নিশ্চিন্তে ক্যারিয়ার গড়তে পারেন, সেই পরিবেশ তৈরির লক্ষ্য রয়েছে সরকারের।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসবে এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মান আরও উন্নত হবে।