যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সেনাবাহিনীকে অভিনন্দন জানান।
বার্তায় তিনি দাবি করেন, ইসরাইলের বিরুদ্ধে হুমকি তৈরি করা নেতৃত্বকে সরিয়ে দেওয়ার মাধ্যমে ‘ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে’ এবং ইসরাইল তার সামরিক কার্যক্রম অব্যাহত রাখবে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলায় ইরানের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
হামলার পর আঞ্চলিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পায়। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের পার্শ্ববর্তী কয়েকটি উপসাগরীয় অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো করেছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে তা আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে।