চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০।
চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে (বেইজিং সময়) ভূমিকম্পটি অনুভূত হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইউনান প্রদেশের পুয়ের শহরের মোজিয়াং কাউন্টিতে। এর অবস্থান ছিল ২৩.১৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০১.৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা ছিল প্রায় ৬ কিলোমিটার। অল্প গভীরতায় উৎপত্তি হওয়ায় অনেক এলাকায় কম্পন অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।