বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, অপতথ্য ও গুজব বর্তমানে বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির কারণে যেমন মানুষের ক্ষমতায়ন হয়েছে, তেমনি নতুন সমস্যারও সৃষ্টি হয়েছে। এসব সমস্যার সমাধানও প্রযুক্তিনির্ভর উপায়ে করতে হবে।
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে তিনি বলেন, মানুষের কাছে সঠিক ও নির্ভেজাল তথ্য পৌঁছে দেওয়াই সাংবাদিকতার মূল লক্ষ্য। প্রচলিত বিধিমালার আলোকে এ লক্ষ্য বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
ভয়হীন সাংবাদিকতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমি একজন নির্যাতিত রাজনীতিবিদ। নির্যাতনের পথ পেরিয়েই আজ আপনাদের সামনে মন্ত্রী হিসেবে কথা বলছি। ভয়ের মধ্যে থাকা মানুষের মানসিক যন্ত্রণা আমি জানি।”
তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মীদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হলে তা কতটা কষ্টকর—সে বিষয়েও সরকার অবগত রয়েছে।
তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পরিকল্পনায় গণমাধ্যম সম্পর্কিত সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে এবং সেই পরিকল্পনার আলোকে দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ গড়ে তোলা হবে।