ভারতকে হারিয়ে সাফ উইমেনস অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পথে আরও এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের শুরুতে প্রচন্ড চাপ দিল ভারত। দারুণ দৃঢ়তায় পোস্ট আগলে রাখলেন ইয়ারজান বেগম। সময় গড়ানোর সাথে সাথে গুছিয়ে উঠল বাংলাদেশ। অপির্তা বিশ্বাস সুযোগসন্ধানী শটে দলকে নিলেন এগিয়ে। এরপর ব্যবধান দ্বিগুণ করলেন আলপি আক্তার।
পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে গতকাল সোমবার রাউন্ড রবিন লিগে ভারতকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিটার জেমস বাটলারের দল। এই জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।
নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত পেল প্রথম হারের স্বাদ। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। শুরু থেকে বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকে ভারত, কিন্তু পোস্টে ইয়ারজান ছিলেন বিশ্বস্ত দেয়াল হয়ে। চতুর্থ মিনিটে জাদা ফের্নান্দেসের ফ্রি কিক অনেকটা লাফিয়ে আটকান তিনি।
পরের মিনিটে ফের আক্রমণ শাণায় ভারত। বাম দিক থেকে আসা থ্রু পাস প্রীতিকা বর্মন ধরার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে তার পথ আগলে দাঁড়ান ইয়ারজান। তাতে শট নেওয়ার জায়গা সংকুচিত হয়ে পড়ে। ইয়ারজানের পাশ দিয়ে প্রীতিকা শট নিলেও বল বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। অষ্টম মিনিটে কোনোমতে পা দিয়ে আরেকটি শট ঠেকিয়ে তিনি আবারও ত্রাতা বাংলাদেশের।
২২তম মিনিটে প্রথম আক্রমণে ওঠে বাংলাদেশ। কিন্তু মামনি চাকমার বক্সে ফেলা বলের নাগাল পাননি সুরভি আকন্দ প্রীতি। তবে এরপর থেকে ভারতের রক্ষণে চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। সাত মিনিট পর মিলে যায় কাক্সিক্ষত গোলও।
মামনি চাকমার ফ্রি কিক ভারতের গোলকিপার মুন্নির গ্লাভস হয়ে ক্রসবারে লেগে নিচে পড়ে। শেষ মুহূর্তেও পা চালিয়ে তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন বিপদমুক্ত করার, কিন্তু গোলমুখে থাকা বাংলাদেশ অধিনায়ক অপির্তা বিশ্বাস টোকায় খুঁজে নেন জাল।
ভুটানকে ১২-০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে নেয় ৪০তম মিনিটে। ডান দিক থেকে গোলমুখে বাড়ানো সতীর্থের ক্রস দুই ডিফেন্ডারের ফাঁকে থাকা আলপি নিখুঁত টোকায় জালে পাঠান।
৫৬তম মিনিটে মুনকির বাম পায়ের শটে লাফিয়ে আটকে ব্যবধান বাড়তে দেননি গোলকিপার মুন্নি। এরপর বাংলাদেশের আক্রমণের গতি কমে কিছুটা। গোল করার চেয়ে বলের নিয়ন্ত্রণ রেখে দুই গোল আগলে রাখার দিকেই যেন মনোযোগ দেয় দল।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরি মিলিয়ে ছয়বার মাঠে গড়িয়েছে। বাংলাদেশ চারবার এবং ভারত একবার এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে ২০২৪ সালের আসরে যৌথভাবেও সেরা হয়েছিল বাংলাদেশ ও ভারত। টানা দ্বিতীয় জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন ৬। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট এখন ৩। আগামীকাল ৪ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এবং একইদিন ভারত মুখোমুখি হবে ভুটানের।
চার দল- স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটানকে নিয়ে আয়োজিত এই রাউন্ড রবিন টুর্নামেন্টে প্রত্যেকে একে অপরের বিপক্ষে একবার করে খেলছে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে নামবে।