বিশ্বকাপ ফাইনালের আগে বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ইতিবাচক বার্তা পেয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, আলভারেজকে দলে ভেড়ানোর আগ্রহ এখনো বজায় রেখেছে কাতালান ক্লাব। পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন, কোনো বড় ক্লাবই এমন খেলোয়াড়কে দীর্ঘদিন ধরে রাখতে পারে না, যে নিজেই ক্লাব ছাড়তে চায়।
নিউইয়র্কে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আয়োজিত এক অনুষ্ঠানে আলভারেজ প্রসঙ্গে কথা বলেন লাপোর্তা। তিনি জানান, বার্সেলোনা এখনো অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে দেওয়া প্রস্তাব প্রত্যাহার করেনি। লাপোর্তার ভাষায়, ‘আমাদের একটি প্রস্তাব রয়েছে। আমাদের কোচ তাকে দলে চান, তাই আমরা অ্যাতলেতিকো মাদ্রিদকে সেই প্রস্তাব দিয়েছি। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটি প্রস্তাব।’
সম্প্রতি অ্যাতলেতিকো মাদ্রিদের প্রধান নির্বাহী মিগেল অ্যাঞ্জেল গিল মারিন আলভারেজের ক্লাব ছাড়ার সম্ভাবনা নাকচ করেছিলেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লাপোর্তা বলেন, তিনি মিগেল অ্যাঞ্জেলের মতামতসহ সবার অবস্থানকে সম্মান করেন এবং এ নিয়ে বিতর্কে যেতে চান না।
তবে আলভারেজকে নিয়ে বার্সেলোনার আশাবাদও স্পষ্ট করেন তিনি। লাপোর্তা বলেন, অতীতেও অনেকবার বলা হয়েছিল, কোনো খেলোয়াড় বার্সেলোনায় আসবে না; কিন্তু শেষ পর্যন্ত সেই খেলোয়াড়ই ক্লাবে যোগ দিয়েছেন।
এ সময় তিনি আরও বলেন, কোনো খেলোয়াড় যদি ক্লাব ছাড়তে চায়, তাহলে তাকে জোর করে আটকে রাখা উচিত নয়। লাপোর্তার মতে, বার্সেলোনাও একই নীতি অনুসরণ করে। তিনি বলেন, ‘যদি কোনো খেলোয়াড় বার্সা ছাড়তে চায়, আমরা বিষয়টি সহজ করে দিই। একটি বড় ক্লাবের পক্ষে অসন্তুষ্ট খেলোয়াড়কে ধরে রাখা সম্ভব নয়।’
আলভারেজকে নিয়ে দেওয়া প্রস্তাব অনির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে না বলেও জানান বার্সা সভাপতি। তিনি বলেন, অ্যাতলেতিকো মাদ্রিদকে যুক্তিসংগত সময় দেওয়া হবে এবং সেটি চলতি মাসের শেষ পর্যন্ত হতে পারে।
সবশেষে লাপোর্তা উল্লেখ করেন, এমন বড় দলবদলের ক্ষেত্রে শুধু অর্থই নয়, খেলোয়াড়ের ইচ্ছাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার ভাষায়, ‘এখন বিষয়টি শুধু প্রস্তাব পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; ভালো কোনো প্রস্তাব এলে সেটির যথাযথ মূল্যায়ন করাও জরুরি।’
লাপোর্তার এই মন্তব্যের পর বিশ্বকাপ ফাইনালের আগে হুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন নজর থাকবে বিশ্বকাপ শেষে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যে সম্ভাব্য এই দলবদল কতটা এগোয়।