বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি খোরশেদ আলম সোহেল এবং হাজী মুহম্মদ মুহসীন হল শাখার সভাপতি ওমর ফারুক মামুনকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
গত বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা থেকে ১০ টার মধ্যে এই দুই নেতাকে নিজ নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
এছাড়া, তাদেরকে কোনো থানায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি এখন পর্যন্ত কিছু জানতে পারেননি বলে জানান।
তুলে নেওয়া প্রসঙ্গে আরিফুল ইসলাম বলেন, ১ দফা দাবিতে বিএনপি ঘোষিত চলমান গণতান্ত্রিক আন্দোলনে এই ফ্যাসিবাদী সরকার ভীত সন্ত্রস্ত হয়ে ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দিয়ে নির্বিচারে গণতন্ত্রকামী ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষককে গ্রেফতারের হিড়িক চালাচ্ছে। তারই ধারাবাহিকতায়, গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং হাজী মুহম্মদ মুহসীন হলের সভাপতি ওমর ফারুক মামুনকে তাদের বাসা থেকে তুলে নিয়েছে।
তিনি বলেন, আজকে রাষ্ট্র যখন ফ্যাসিবাদী শাসকের কবলে তখন রাষ্ট্রীয় বাহিনী সরকারের দোসর হিসেবে কাজ করছে। চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ এখনো কারাগারে বন্দী।
ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ডিবি পুলিশের এহেন ন্যাক্কারজনক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দলীয় সকল কর্মসূচী পালন করে যাচ্ছি। আমরা প্রস্তুত আছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই ফ্যাসিবাদের কবর রচনা করব। ডিবি পুলিশ আমাদের নেতাকর্মীদেরকে ধরে মিথ্যা নাটক সাজিয়ে বিভিন্ন মামলায় গ্রেফতার করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শান্তিপূর্ণভাবে প্রতিটি কর্মসূচী পালন করছে, কোনরকম সহিংসতার সাথে জড়িত নয়।