নারীদের ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম কারণ জরায়ুমুখ ক্যানসার। অথচ সচেতনতা, সময়মতো টিকা গ্রহণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কিন্তু এ বিষয়ে নানা ভুল ধারণা এবং স্ক্রিনিংয়ে অনীহার কারণে অনেক নারী সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসার সুযোগ হারান।
চিকিৎসকদের মতে, জরায়ুমুখ ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগের ঝুঁকি, প্রতিরোধের উপায় এবং সতর্কতামূলক লক্ষণ সম্পর্কে জানা জরুরি। বিশেষ করে এইচপিভি টিকা ও নিয়মিত স্ক্রিনিং নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করা প্রয়োজন।
জরায়ুমুখ ক্যানসার নিয়ে ৯টি ভুল ধারণা
১. শুধু বয়স্ক নারীদের হয়
এ ধারণা সঠিক নয়। প্রাপ্তবয়স্ক নারীদের বিভিন্ন বয়সেই জরায়ুমুখ ক্যানসার হতে পারে। তাই নির্ধারিত বয়স থেকে স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী নিয়মিত স্ক্রিনিং করানো জরুরি।
২. বংশগত কারণে এ ক্যানসার হয়
জরায়ুমুখ ক্যানসারের প্রধান কারণ উচ্চ ঝুঁকির হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) দীর্ঘস্থায়ী সংক্রমণ। এটি সাধারণত বংশগত জিনগত পরিবর্তনের কারণে হয় না।
৩. যৌন সম্পর্কে জড়ানোর পরই এইচপিভি টিকা নিতে হয়
এটিও ভুল ধারণা। এইচপিভি ভাইরাসের সংস্পর্শে আসার আগেই টিকা নিলে সবচেয়ে বেশি সুরক্ষা পাওয়া যায়। সাধারণত ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের এ টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
৪. কোনো উপসর্গ না থাকলে পরীক্ষা প্রয়োজন নেই
প্রাথমিক পর্যায়ের জরায়ুমুখ ক্যানসার কিংবা ক্যানসারপূর্ব অবস্থায় অনেক সময় কোনো লক্ষণ দেখা যায় না। ফলে সুস্থ বোধ করলেও নির্ধারিত সময় অনুযায়ী স্ক্রিনিং করানো প্রয়োজন।
৫. এইচপিভি সংক্রমণ হলেই ক্যানসার হয়
এইচপিভি সংক্রমণ বেশ সাধারণ। অধিকাংশ ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা নিজেই ভাইরাসটি দূর করে দেয়। তবে উচ্চ ঝুঁকির নির্দিষ্ট ধরনের এই ভাইরাসের সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে জরায়ুমুখ ক্যানসার হতে পারে।
৬. এইচপিভি টিকা অনিরাপদ, এতে বন্ধ্যত্ব হয়
এইচপিভি টিকার নিরাপত্তা নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। এ টিকা গ্রহণের কারণে বন্ধ্যত্ব হয়—এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। টিকা নিয়ে ভুল তথ্যের কারণে সুরক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া উচিত নয়।
৭. জরায়ুমুখ ক্যানসার মানেই মৃত্যু
এ ধারণাও ভুল। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। রোগের ধরন ও পর্যায় অনুযায়ী অস্ত্রোপচার, রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপি দেওয়া হয়।
৮. টিকা নিলে আর স্ক্রিনিংয়ের প্রয়োজন নেই
এইচপিভি টিকা ক্যানসার সৃষ্টিকারী সব ধরনের ভাইরাস থেকে সুরক্ষা দেয় না। তাই টিকা নেওয়ার পরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্ক্রিনিং করাতে হবে।
৯. জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করা যায় না
বাস্তবে এটি অন্যতম প্রতিরোধযোগ্য ক্যানসার। এইচপিভি টিকা, নিয়মিত স্ক্রিনিং, দ্রুত রোগ শনাক্ত এবং ক্যানসারপূর্ব অবস্থার সময়মতো চিকিৎসার মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
জরায়ুমুখ ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো উপসর্গ থাকে না। তবে কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যেমন—
যৌনমিলনের পর যোনিপথে রক্তপাত।
মাসিকের মধ্যবর্তী সময়ে রক্তপাত।
মেনোপজ বা ঋতুস্রাব স্থায়ীভাবে বন্ধ হওয়ার পর রক্তপাত।
দীর্ঘস্থায়ী বা দুর্গন্ধযুক্ত যোনিস্রাব।
তলপেট, শ্রোণি অঞ্চল কিংবা কোমরের নিচে দীর্ঘস্থায়ী ব্যথা।
যৌনমিলনের সময় ব্যথা।
কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া।
পা ফুলে যাওয়া।
এসব লক্ষণ দেখা দিলেই যে জরায়ুমুখ ক্যানসার হয়েছে, তা নয়। অন্য রোগের কারণেও এমন সমস্যা হতে পারে। তবে লক্ষণগুলো অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রতিরোধে যেসব পদক্ষেপ জরুরি
জরায়ুমুখ ক্যানসারের ঝুঁকি কমাতে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথমত, ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে নির্ধারিত নিয়মে এইচপিভি টিকা নিতে হবে। দ্বিতীয়ত, বয়স ও স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত স্ক্রিনিং করাতে হবে। এইচপিভি পরীক্ষা ও প্যাপ স্মিয়ার পরীক্ষার মাধ্যমে ক্যানসারপূর্ব পরিবর্তন শনাক্ত করা সম্ভব।
পাশাপাশি ধূমপান ও তামাকজাত দ্রব্য এড়িয়ে চলা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা জরুরি। শরীরে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাও সম্পন্ন করতে হবে।
চিকিৎসকদের মতে, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ, শনাক্ত ও চিকিৎসা করা সম্ভব। তাই রোগের লক্ষণ দেখা দেওয়ার অপেক্ষায় না থেকে আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এইচপিভি টিকা, নিয়মিত স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ অসংখ্য নারীর জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে।
সূত্র: হিন্দুস্তান টাইমস