
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তথ্যভান্ডারে সাইবার হামলা চালিয়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে একটি হ্যাকার গোষ্ঠী। সংস্থাটিও অননুমোদিতভাবে তথ্যভান্ডারে প্রবেশের ঘটনা স্বীকার করেছে। তবে চুরি হওয়া তথ্যের পরিমাণ সীমিত বলে দাবি ফিফার। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তদন্ত চালাচ্ছে সংস্থাটি।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে ফিফা জানায়, অপরাধমূলক সাইবার হামলার মাধ্যমে তাদের কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের নাগাল পেয়েছে দুর্বৃত্তরা। তবে সংস্থাটির দাবি, এটি তাদের প্রযুক্তি বা তথ্যপ্রযুক্তি ব্যবস্থার কোনো ত্রুটির কারণে ঘটেনি। বরং কর্মীদের পরিচয় ব্যবহার করে এবং তাঁদের সরলতার সুযোগ নিয়ে নথিপত্রে প্রবেশাধিকার পেয়েছে হামলাকারীরা।
অনলাইনে নিজেদের ‘হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব’ পরিচয় দেওয়া একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। গত সপ্তাহে ফিফার বিভিন্ন নথির স্ক্রিনশটও প্রকাশ করে তারা। গোষ্ঠীটির দাবি, ফিফার তথ্যভান্ডার থেকে প্রায় ১২ গিগাবাইট তথ্য চুরি করেছে তারা।
তবে প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, হাতিয়ে নেওয়া তথ্যের পরিমাণ ফিফার সংরক্ষিত মোট তথ্যের ০.১ শতাংশেরও কম। হামলাটি মূলত ফিফাকে লক্ষ্য করে চালানো হয়েছে, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে নয় বলে জানা গেছে।
এদিকে এই সাইবার হামলায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা-সংক্রান্ত নথি চুরি হয়নি বলে জানিয়েছে বিবিসি। ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে ওই পরিকল্পনার আওতায় বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব দীর্ঘ মেয়াদে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। তবে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সভাপতি ডেবি হিউইটকে ওই পরিকল্পনার নথিপত্র দেখার সুযোগ দেওয়া হয়েছে। তবে নথিগুলো পর্যালোচনার আগে তাঁকে গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে হয়েছে।
ফিফা বিবৃতিতে ব্যক্তিগত তথ্যসহ যেকোনো তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশের নিন্দা জানিয়েছে। সংস্থাটির ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য বড় ধরনের পরিণতি বয়ে আনতে পারে।