
টেইটের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন লাহোর কালান্দার্সের মালিক ও প্রধান নির্বাহী সামিন রানা। এর আগে ২০২৬ সালে গ্লোবাল সুপার লিগে ফ্র্যাঞ্চাইজিটির কোচ হিসেবে কাজ করেছিলেন টেইট। সেই অভিজ্ঞতা ও দুই পক্ষের কাজের বোঝাপড়ার ধারাবাহিকতায় এবার তাঁকে পিএসএলের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন টেইটও। লাহোরের সঙ্গে কাজ করার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তাঁর ভাষ্য, গায়ানায় দলের সঙ্গে কাজ করার সময়ই সামিন রানা ও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর কাজের দর্শনের মিল খুঁজে পেয়েছিলেন।
টেইট বলেন, ‘লাহোর কালান্দার্সের প্রধান কোচ হতে পেরে আমি আনন্দিত। গায়ানায় দলের সঙ্গে কাজ করার সময় বুঝেছি, সামিন ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার কাজের দর্শনের মিল রয়েছে। পাকিস্তানের অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি। তাই এখানকার পরিবেশ ও খেলোয়াড়দের সম্পর্কেও আমার ভালো ধারণা আছে।’
প্রধান কোচের দায়িত্বের পাশাপাশি লাহোরের পেসারদের উন্নয়নেও কাজ করবেন টেইট। খেলোয়াড়ি জীবনে গতির ঝড় তুলে পরিচিতি পাওয়া এই অস্ট্রেলিয়ান কোচিং ক্যারিয়ারেও মূলত পেস বোলিং নিয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
এর আগে পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের কোচিং স্টাফেও কাজ করেছেন। ফলে পাকিস্তানের ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগের পরিবেশ তাঁর কাছে নতুন নয়।
এবার লাহোরের প্রধান কোচ হিসেবে তাঁর সামনে বড় চ্যালেঞ্জ শিরোপার লড়াইয়ে দলকে এগিয়ে নেওয়া। তিনবারের চ্যাম্পিয়নদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি পেস আক্রমণকে আরও শক্তিশালী করাই হবে টেইটের অন্যতম লক্ষ্য।