
বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো দল নির্বাচনেই পরিবর্তনের ছাপ রাখলেন ফরাসি কোচ এরিক মারে। তবে পূর্বসূরি পিটার বাটলারের খেলার কৌশল ও অনুশীলন পদ্ধতিতে আপাতত বড় কোনো পরিবর্তন আনছেন না তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে ছয়টি পরিবর্তন এনেছেন এই কোচ। নতুন মুখ হিসেবে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন গোলরক্ষক হুমায়রা আক্তার হিমি ও ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র। অন্যদিকে, সিনিয়র জাতীয় দলের দায়িত্বে মারের নিয়োগ নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ্যে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন কোচের পরিকল্পনা, দল নির্বাচন ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে কথা বলেন সংশ্লিষ্টরা। সংবাদ সম্মেলনে অধিনায়ক মারিয়া মান্দাও উপস্থিত ছিলেন।
গত ৯ নভেম্বর ঢাকায় আসার পর থেকেই দলের সঙ্গে কাজ করছেন মারে। স্বল্প সময়ের প্রস্তুতিতে খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া তৈরি এবং দলের সাংগঠনিক কাঠামো ঠিক করাকেই আপাতত অগ্রাধিকার দিচ্ছেন তিনি। সে কারণে বাটলারের সময়ের খেলার ধরন ও কৌশলে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছেন না ফরাসি কোচ। অনুশীলনে মেয়েদের পারফরম্যান্সেও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
মারে বলেন, ‘আমি সবকিছু বদলে ফেলতে যাচ্ছি না। মেয়েদের নিয়ে আগে যেভাবে কাজ হতো, আমরা প্রায় একই পদ্ধতি ও ছক ধরে রেখেছি।’
তবে দল নির্বাচনে পরিবর্তন এনেছেন এই কোচ। এশিয়ান গেমসের স্কোয়াড থেকে ১৭ জনকে রেখে নতুন করে ছয়জনকে অন্তর্ভুক্ত করেছেন তিনি। প্রথমবার জাতীয় দলের ডাক পাওয়া হিমি ও আইরিন জুনিয়রের পাশাপাশি দলে ফিরেছেন সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার। তিন গোলরক্ষকের দলে রুপনা চাকমা ও মিলি আক্তারের সঙ্গে জায়গা পেয়েছেন হিমি।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি সহজ হবে না বলেও সতর্ক করেছেন মারে। প্রতিপক্ষ দলে যুক্তরাষ্ট্র, জাপান ও থাইল্যান্ডের মতো দেশের অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলার রয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে নিজেদের কারিগরি দক্ষতা ও কৌশলগত শৃঙ্খলা কাজে লাগিয়ে দুই ম্যাচেই জয়ের লক্ষ্য বাংলাদেশের।
এদিকে, নতুন কোচের নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তাঁর দাবি, বাফুফের টেকনিক্যাল বিভাগ থেকে পাঠানো তিনজন কোচের জীবনবৃত্তান্ত পর্যালোচনা করেই তিনি মারের নিয়োগে আপত্তি জানিয়েছিলেন। সিনিয়র জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও যোগ্যতা তাঁর নেই বলেও মনে করেন কিরণ।
তিনি বলেন, ‘আমি স্পষ্ট বলেছিলাম, এই কোচ কোনোভাবেই আমাদের সিনিয়র জাতীয় দলের জন্য উপযুক্ত নন। তাদের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা নেই, এমনকি প্রো-লাইসেন্সও নেই। তারা হয়তো বয়সভিত্তিক দলে কাজ করতে পারেন, কিন্তু সিনিয়র দলে নয়।’
নিয়োগের বিষয়ে নিজের পর্যবেক্ষণ জমা দিয়েছেন জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাখ্যার জন্য বাফুফে সভাপতির সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন কিরণ। তবে কোচ নিয়োগ নিয়ে বিতর্কের প্রভাব মাঠে পড়তে দিতে চান না অধিনায়ক মারিয়া মান্দা। তাঁর মতে, কোচ পরিবর্তন হলেও খেলোয়াড়দের দায়িত্ব একই—অনুশীলনে নিজেদের প্রস্তুত করা এবং মাঠে সেরাটা দেওয়া।
পূর্বসূরি পিটার বাটলারের অধীনে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মারিয়া বলেন, প্রতিটি কোচের অনুশীলন করানোর ধরন আলাদা। সেই অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়াই খেলোয়াড়দের কাজ। বাটলারের ফিটনেস ও নিবেদন নিয়ে করা সমালোচনার সঙ্গেও একমত নন তিনি। মারিয়ার দাবি, খেলোয়াড়েরা সব সময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। চোটের কারণে কারও পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে, তবে সুস্থ থাকলে সবাই ভালো খেলার জন্যই মাঠে নামেন।
২০২৭ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ফিফা আন্তর্জাতিক বিরতিতে দলকে প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে রাখতেই সিঙ্গাপুরের বিপক্ষে এই সিরিজ আয়োজন করা হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের চেয়ে ৪১ ধাপ এগিয়ে ১০৬ নম্বরে রয়েছে বাংলাদেশ। তবে র্যাঙ্কিংকে ফল নির্ধারণের মাপকাঠি মনে করছেন না কিরণ। তাঁর মতে, মাঠের পারফরম্যান্সই দুই দলের ব্যবধান নির্ধারণ করবে।
সিঙ্গাপুর সফরের উদ্দেশ্যে আগামী ২৯ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচ দুটি। নতুন কোচের অধীনে প্রথম আন্তর্জাতিক পরীক্ষায় বাংলাদেশের সামনে যেমন জয়ের চ্যালেঞ্জ, তেমনি দল পুনর্গঠন ও নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগও থাকছে।
গোলরক্ষক: রুপনা চাকমা, মিলি আক্তার, হুমায়রা আক্তার হিমি
ডিফেন্ডার: আইরিন খাতুন সিনিয়র, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, সুরভী আক্তার আফরিন
মিডফিল্ডার: মারিয়া মান্দা, সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা, স্বপ্না রানী
ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, ঋতুপর্ণা চাকমা