বিশ্বকাপ ফাইনাল আয়োজন ঘিরে ত্রিমুখী টানাপোড়েন

স্পোর্টস ডেস্ক

খেলা

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের স্বপ্ন দেখছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজেদের ঐতিহাসিক দুই স্টেডিয়াম সান্তিয়াগো

2026-11-26T17:01:15+00:00
2026-11-26T17:02:13+00:00
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
খেলা
বিশ্বকাপ ফাইনাল আয়োজন ঘিরে ত্রিমুখী টানাপোড়েন
স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০১ পিএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৫:০২ পিএম
বিশ্বকাপ ফাইনাল আয়োজন ঘিরে ত্রিমুখী টানাপোড়েন

২০৩০ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আয়োজনের স্বপ্ন দেখছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজেদের ঐতিহাসিক দুই স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যুতে বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি আয়োজন করতে চায় তারা। তবে স্পেনের দুই ক্লাবের এই প্রতিযোগিতায় নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে মরক্কো। কাসাব্লাঙ্কায় বিশাল ধারণক্ষমতার স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়ে ফাইনাল আয়োজনের দৌড়ে জোরালো অবস্থান তৈরি করতে চাইছে উত্তর আফ্রিকার দেশটি।

স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০৩০ বিশ্বকাপ। তবে টুর্নামেন্টের ফাইনাল কোথায় হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা। স্পেনের পক্ষ থেকে বার্নাব্যু ও ক্যাম্প ন্যুকে সম্ভাব্য ভেন্যু হিসেবে সামনে রাখা হলেও মরক্কো চাইছে নিজেদের নতুন স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ ম্যাচটি আয়োজন করতে। পর্তুগাল অবশ্য ফাইনাল আয়োজনের প্রতিযোগিতায় তেমন আগ্রহ দেখাচ্ছে না।

মরক্কোর উচ্চাকাঙ্ক্ষার বড় প্রমাণ কাসাব্লাঙ্কায় প্রস্তাবিত হাসান-২ স্টেডিয়াম। প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে নির্মাণের পরিকল্পনা করা এই স্টেডিয়ামকে বিশ্ব ফুটবলের অন্যতম বড় ভেন্যু হিসেবে গড়ে তুলতে চায় দেশটি। ফলে ফাইনাল আয়োজনের ক্ষেত্রে অবকাঠামোগত সক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষা—দুই দিক থেকেই স্পেনকে চ্যালেঞ্জ জানাচ্ছে মরক্কো।

মরক্কোর এই তৎপরতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে স্পেন। দেশটির ফুটবল অঙ্গনে আশঙ্কা, ফাইনালের দায়িত্ব শেষ পর্যন্ত মরক্কোর হাতে চলে যেতে পারে। এমনকি ফাইনাল আয়োজনের সুযোগ না পেলে স্পেন বিশ্বকাপ আয়োজনের স্বত্ব ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও সীমান্ত ইস্যু ঘিরে বিদ্যমান টানাপোড়েনও এই প্রতিযোগিতাকে আরও জটিল করে তুলেছে।

 প্রস্তাবিত হাসান-২ স্টেডিয়াম

প্রস্তাবিত হাসান-২ স্টেডিয়াম

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মরক্কোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও স্পেনে আলোচনা রয়েছে। মরক্কোর ফুটবল ফেডারেশন তাঁর অন্যতম সমর্থক হিসেবে পরিচিত। রাবাতে ফিফার আঞ্চলিক সদর দপ্তরে ইনফান্তিনোর উপস্থিতি এবং দেশটিতে আগামী মার্চে ফিফা কংগ্রেস আয়োজনের বিষয়টিও আলোচনায় এসেছে। এসব কারণে স্পেনের ফাইনাল আয়োজনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

তবে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ এখনো আশাবাদী। দেশটির ফুটবল ফেডারেশনের মহাসচিব আলভারো দে মিগেল মনে করেন, মরক্কোর একটি স্টেডিয়ামের বিপরীতে স্পেনের হাতে দুটি সম্ভাব্য ভেন্যু থাকা বরং তাদের অবস্থান শক্তিশালী করেছে। তাঁর মতে, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ইনফান্তিনোর সুসম্পর্কও স্পেনের পক্ষে কাজে আসতে পারে।

ভেন্যু নির্বাচনে বার্নাব্যুকে এগিয়ে রাখছেন স্প্যানিশ কর্মকর্তাদের একাংশ। বড় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা এবং অবকাঠামোগত সক্ষমতার কারণে মাদ্রিদের স্টেডিয়ামটি ফাইনালের জন্য উপযুক্ত বলে মনে করছেন তাঁরা। এর পক্ষে উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে ২০১৮ সালের কোপা লিবার্তাদোরেস ফাইনাল। আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের মধ্যকার সেই ফাইনাল সমর্থকদের সহিংসতার কারণে আর্জেন্টিনা থেকে সরিয়ে মাদ্রিদে আয়োজন করা হয়েছিল।

অন্যদিকে, বার্সেলোনার ক্যাম্প ন্যুও ফাইনাল আয়োজনের অন্যতম দাবিদার। সংস্কারকাজ শেষে স্টেডিয়ামটির আধুনিক সুযোগ-সুবিধা ও বিশাল দর্শক ধারণক্ষমতা বার্সেলোনার আশার জায়গা। ফলে স্পেনের ভেতরেই কোন স্টেডিয়াম শেষ পর্যন্ত এগিয়ে থাকবে, তা নিয়েও রয়েছে আলাদা প্রতিযোগিতা।

সব মিলিয়ে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের লড়াই এখন শুধু স্পেন ও মরক্কোর মধ্যে সীমাবদ্ধ নেই; স্পেনের অভ্যন্তরেও চলছে দুই ঐতিহাসিক ক্লাবের মাঠ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা। বার্নাব্যু, ক্যাম্প ন্যু নাকি কাসাব্লাঙ্কার নতুন হাসান-২ স্টেডিয়াম—বিশ্বকাপের মহারণের শেষ ঠিকানা কোথায় হবে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় ফুটবল বিশ্ব।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: