দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে ৬১ জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হবে এ কার্যক্রম।
গতকাল রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ উদ্যোগের লক্ষ্য ভূমিসংক্রান্ত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজ করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানো এবং ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা। পরিকল্পনা অনুযায়ী, হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করা হবে। এর মাধ্যমে নাগরিকেরা অনলাইনে ভূমির তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে ভূমি অফিসে বারবার যাতায়াতের প্রয়োজন ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র সুখকর ছিল না। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুদের দৌরাত্ম্য এবং ফড়িয়া ও দালালদের কারণে সাধারণ মানুষ নানা হয়রানির শিকার হতেন। সময়ের পরিবর্তনের সঙ্গে সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ।
তিনি আরও বলেন, “নির্ভেজাল ও নির্ভুল ডিজিটাল রেকর্ডই হলো টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। এই অংশীদারত্ব ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে মাইলফলক হয়ে থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর বিশ্বাস, সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে।
ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারও কাম্য নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী তথ্যের নির্ভুলতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ক্ষেত্রে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ করা সবচেয়ে জরুরি। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এই সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে। এতে ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমার পাশাপাশি সরকারি রাজস্ব আদায়েও স্বচ্ছতা নিশ্চিত হবে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, এ উদ্যোগের সাফল্য শুধু কতগুলো রেকর্ড ডিজিটাল করা হলো, তার ওপর নির্ভর করবে না; বরং নাগরিকেরা এসব রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই হবে মূল বিবেচ্য বিষয়। ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে ইউএনডিপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান বিপিএএ। প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালট্যান্ট মো. আতিকুল হক।
অনুষ্ঠানে জানানো হয়, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির পূর্ববর্তী অংশীদারত্বের ধারাবাহিকতায় দেশব্যাপী এ কার্যক্রম নেওয়া হয়েছে। ২০২৫ সালে প্রাক্-পাইলট কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটির যাত্রা শুরু হয়। এরপর পর্যায়ক্রমে আটটি পাইলট জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কার্যক্রম বাস্তবায়িত হয়। এ পর্যন্ত ১১ জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটালাইজ করা হয়েছে।
নতুন চুক্তির আওতায় বহুস্তরীয় তথ্য যাচাই, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যমান রেকর্ডের অসংগতি দূর করার পরিকল্পনা রয়েছে। এতে জালিয়াতির সুযোগ কমার পাশাপাশি নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।