এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। গত ১৭ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করায় বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করতে পারবে।
হাইকোর্টের আদেশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকার বৈধতা নিয়েও রুল জারি করা হয়েছিল। এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ইউজিসির নির্দেশিকা অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাঁদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এই ফল প্রকাশের আগেই ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি। আবেদনকারী শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দিয়েছিলেন।
এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার জন্য প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের ফল ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে।
সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে ইউজিসি। ওই বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। পাশাপাশি ১ জানুয়ারির পর ভর্তি আবেদনের কার্যক্রম শুরুর বিষয়েও আলোচনা হয়। তবে বৈঠকের পর ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানায়। বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে।