বায়তুল মোকাররমের সাবেক খতিব ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

আইন-আদালত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি

2026-11-19T18:43:06+00:00
2026-11-19T18:43:06+00:00
  শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
 
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
আইন-আদালত
বায়তুল মোকাররমের সাবেক খতিব ৫ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম 
বায়তুল মোকাররমের সাবেক খতিব ৫ দিনের রিমান্ডে
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

বিকেলে পল্টন থানায় দায়ের করা মামলায় মুফতি রুহুল আমিনকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাঁকে ভাটারা থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররমের নিচতলায় উপস্থিত হন এক ব্যবসায়ী। দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা দিচ্ছিলেন।

অভিযোগে বলা হয়, ওই সময় মুফতি রুহুল আমিন অন্য আসামিদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। তাঁরা দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, মুসল্লিরা বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে এক আসামি হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে বাদীর ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখের নিচে গুরুতর জখম হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান তিনি বলে অভিযোগে বলা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা বাদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং তাঁর পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান। ওই ঘটনায় বাদীসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। মসজিদের প্রায় ৫০ লাখ টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতিও হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, জাতীয় মসজিদে সংঘর্ষের ঘটনায় মুফতি রুহুল আমিনের সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁর ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা ছিল কি না অনুসন্ধান এবং আর্থিক লেনদেনের তথ্য জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এ ছাড়া সংঘর্ষে জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয় শনাক্ত, ঘটনার পরিকল্পনা ও উদ্দেশ্য অনুসন্ধান, আহত ব্যক্তিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের দায় নির্ধারণের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। মামলার অন্য আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাইয়ের বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা এলাকার বাসিন্দা মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে মসজিদে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এর দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাঁকে খতিবের পদ থেকে অপসারণ করে।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: