১৬ বছরের কম বয়সী শিশুদের ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্যসচিব, আইনসচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে অবিলম্বে বিশেষজ্ঞ কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে। কমিটিকে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব পর্যালোচনা করে নীতিমালা প্রণয়নের বিষয়ে কাজ করতে হবে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনিই।
রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। পাশাপাশি নীতিমালা তৈরি এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও জবাব চাওয়া হয়েছে। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, দেশে এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর প্রভাবে তাদের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ।
রিট আবেদনে আইসিডিডিআরবির একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ঢাকার পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে গবেষণায় অংশ নেওয়া শিশুরা দৈনিক গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করে। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে এটি আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময়সীমার চেয়ে বেশি।
গবেষণায় অংশ নেওয়া এক-তৃতীয়াংশের বেশি শিশুর চোখের সমস্যা এবং ৮০ শতাংশের প্রায়ই মাথাব্যথা হওয়ার তথ্য উঠে এসেছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
গবেষণায় আরও দেখা গেছে, অংশগ্রহণকারী শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো শিশুদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা তুলে ধরে রিটে বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ব্যাহত হতে পারে শারীরিক বৃদ্ধি। এতে শিশুদের সামগ্রিক মানসিক সুস্থতাও ঝুঁকির মুখে পড়তে পারে।