মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development’ (উদ্যোক্তা উন্নয়ন) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২তম তলায় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু, বিসিক -এর পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান এবং বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
চুক্তি স্বাক্ষর শেষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উদাহরণ হিসেবে তিনি জাপানের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ববাজারের চাহিদা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটাতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক বাজারের চাহিদাকে কাজে লাগিয়ে মানসম্মত পণ্য উৎপাদনে সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন জরুরি। প্রতিযোগিতামূলক বিশ্বে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উদ্যোগের শুরুতে নানা ধরনের ঝুঁকি ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হলো। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটিয়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে।
অনুষ্ঠানের সভাপতি বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, বিসিকের উদ্যোগে দেশে ইতোমধ্যে ৮৪টি শিল্পনগরী গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকেই বড় শিল্পপ্রতিষ্ঠানের বিকাশ সম্ভব। তিনি উদাহরণ হিসেবে স্কয়ার, আরএফএল ও হেমকোর মতো প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে বলেন, এসব প্রতিষ্ঠান একসময় ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। সঠিক পরিকল্পনা, দক্ষতা ও উদ্যোগ থাকলে ক্ষুদ্র শিল্পও একসময় বড় শিল্পপ্রতিষ্ঠানে রূপ নিতে পারে।
প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং বিসিকের পক্ষে বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতার মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে মাভাবিপ্রবির অর্থনীতি, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়নবিষয়ক জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক ধারণা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।