ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটকে দিয়েছেন কলেজটির একদল শিক্ষার্থী। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের মূল ফটকের সামনে বাসগুলো আটক করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের এক শিক্ষার্থী বাসে অর্ধেক ভাড়া দিতে চাইলে নীলাচল পরিবহনের এক হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং তাঁকে বাস থেকে নেমে যেতে বলা হয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বাসগুলো আটক করেন।
অভিযোগের শিকার শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২০ নভেম্বর ফাল্গুনীর সঙ্গে বাসের এক হেলপারের বাগ্বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী অর্ধেক ভাড়া দিতে চাইলে হেলপার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাঁকে বাস থেকে নেমে যেতে বলেন। এ সময় হেলপারকে ‘তুই নামবি, তোর বাপ নামবে’—এমন অপমানজনক মন্তব্য করতেও শোনা যায়।
ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আলিফা রামী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে গণপরিবহনে অর্ধেক ভাড়া দিয়ে আসছেন। নীলাচল পরিবহনেও পরিচয়পত্র দেখিয়ে হাফ ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু পরিচয়পত্র দেখানোর পরও এক নারী শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। একজন শিক্ষার্থীর প্রতি এমন অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, ঘটনার ভিডিও ও অভিযুক্ত হেলপারের ছবি শিক্ষার্থীদের কাছে রয়েছে। তবে এখনো তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি।
আলিফা রামী আরও বলেন, বাস মালিক কর্তৃপক্ষকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে, ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে তারা এর দায় নেবে। পাশাপাশি চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু নীলাচল নয়, ভিআইপি ও মৌমিতা পরিবহনসহ সব পরিবহন কর্তৃপক্ষের কাছেই একই দাবি জানানো হবে। গত বছর মৌমিতা পরিবহনেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, গণপরিবহনে নারীদের সঙ্গে প্রায়ই এ ধরনের আচরণ করা হয়। লজ্জা ও ভয়ের কারণে অনেক শিক্ষার্থী প্রতিবাদ করতে পারেন না। সেই সুযোগে বাসকর্মীরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ তাঁর। ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে এবং ঘটনার প্রতিবাদ জানাতেই বাসগুলো আটক করা হয়েছে।
ওই শিক্ষার্থী আরও জানান, এ ঘটনায় পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপাররা শিক্ষার্থীদের পাশে রয়েছেন। তাঁদের উপস্থিতিতে বাস মালিকদের কাছে দাবি তুলে ধরবেন শিক্ষার্থীরা। এ সময় প্রায় ১০টি বাস আটক করা হয়েছে।
এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি শুনতে ও পরিস্থিতি দেখতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।