সারা দেশে জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসসংলগ্ন মোহাম্মদপুরের বছিলা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার শাহীনুল ইসলাম, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. আ. হ. ম. নুরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম, মাদরাসা পরিদর্শক অধ্যাপক ড. হুসাইন আহমাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. নওসের আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) আবু বকর ছিদ্দিক এবং উপপরিচালক জিয়াউর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, যেকোনো ধরনের জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতার পক্ষে। সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঐক্যবদ্ধ অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশ ও জাতির স্বার্থে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। জ্বালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।