জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে ধারাবাহিকভাবে অভিযোগ উঠছে। কখনো ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি, কখনো ডালে জীবন্ত তেলাপোকা, আবার কখনো তরকারিতে তেলাপোকা কিংবা খিচুড়িতে পোকামাকড়ের লার্ভা পাওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এসব ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। খাবারের মানের পাশাপাশি রান্না ও পরিবেশনের পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে।
সর্বশেষ গত সোমবার (৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে পরিবেশিত তরকারিতে তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন। তিনি জানান, টিউশন শেষে হলে ফিরে রুটি ও তরকারি নিয়ে কক্ষে যান। খেতে বসে তরকারির মধ্যে তেলাপোকা দেখতে পান। পরে খাবারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। ফেসবুক পোস্টে রাকিব লেখেন, ‘দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে খেতে বসে যদি আপনার প্লেটে এমন খাবার পাওয়া যায়, তাহলে আপনার অনুভূতি কেমন হবে?’
এর আগের দিন ৮ নভেম্বর সকালে একই হলের ডাইনিংয়ে পরিবেশিত খিচুড়িতে পোকামাকড়ের লার্ভা পাওয়ার অভিযোগ করেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। সকালে নাশতা করতে গিয়ে খিচুড়ির মধ্যে লার্ভাটি দেখতে পান বলে জানান তিনি।
এর আগে গত ২৭ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ে পরিবেশিত ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগ ওঠে। শিক্ষার্থী আরেফিন তানভীর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করে বিষয়টি সামনে আনেন। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পরদিন ২৮ অক্টোবর একই হলের ডাইনিংয়ে পরিবেশিত ডালে জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগ করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আমির হামজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, ডালের মধ্যে পাওয়া তেলাপোকাটি তখনো নড়াচড়া করছিল।
খাবারে পোকামাকড় পাওয়ার এসব অভিযোগের পাশাপাশি ডাইনিংয়ের সামগ্রিক পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ রয়েছে শিক্ষার্থীদের। সরেজমিনে বিদ্রোহী হলের ডাইনিংয়ে ব্যবহৃত থালাবাসন পড়ে থাকতে দেখা যায়। একই সময়ে ডাইনিংয়ের মেঝেতে মাছ পরিষ্কার করছিলেন কর্মচারীরা। এ সময় কাঁচা মাছের ওপর মাছি উড়তে দেখা যায়। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কর্মচারীরা পানি দিয়ে জায়গাটি পরিষ্কারের চেষ্টা করেন।
পরিচ্ছন্নতার বিষয়ে বিদ্রোহী হলের ডাইনিং পরিচালক বলেন, ‘সারাদিন অপরিষ্কার থাকলেও আমরা প্রতিদিন সন্ধ্যার পর ডাইনিং পরিষ্কার করি। হাঁটাচলা করলে ফ্লোরে কাদা হবেই।’
অন্যদিকে, অগ্নিবীণা হলের ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। এ বিষয়ে ডাইনিং পরিচালক মো. মাদুদ কবির বলেন, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকায় ওপর থেকে টিকটিকিটি ভাতের মধ্যে পড়ে থাকতে পারে। তবে রান্না কিংবা খাবার পরিবেশনের সময় বিষয়টি কারও নজরে আসেনি। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট পাত্রের সব ভাত ফেলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। দেয়াল থেকে একটি টিকটিকি ভাতের গামলায় পড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ডাইনিং পরিচালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
তবে একই হলের ডালে জীবন্ত তেলাপোকা পাওয়ার অভিযোগ নিয়ে শিক্ষার্থী ও ডাইনিং পরিচালকের বক্তব্যে ভিন্নতা রয়েছে। প্রভোস্টের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় দুই পক্ষই পরস্পরকে দোষারোপ করছে। ডাইনিং পরিচালকের দাবি, ওই শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে খাবারে তেলাপোকা রেখেছেন। অন্যদিকে, শিক্ষার্থীর অভিযোগ, নিজের খাবারের ডালের মধ্যেই তিনি জীবন্ত তেলাপোকা পেয়েছেন। এ ঘটনার তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো পাওয়া যায়নি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন বলেন, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি তাঁর নজরে এসেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।