রাবিতে তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার

রাবি প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত

2026-11-10T18:39:35+00:00
2026-11-10T18:39:35+00:00
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাবিতে তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার
রাবি প্রতিনিধি
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
রাবিতে তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে সেমিনার
বাংলাদেশের পররাষ্ট্রনীতির সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের উদ্যোগে ডিনস কমপ্লেক্সে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক কূটনীতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, রোহিঙ্গা সংকট ও অভিবাসনকে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন বক্তারা।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. আকমল হোসেন। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন হওয়া উচিত—আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো প্রভু থাকবে না, থাকবে কেবল বন্ধু। সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সব দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। অর্থনৈতিক কূটনীতিতে নতুন বাজার সৃষ্টি, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও শিল্পে মূল্য সংযোজন বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, বিশেষ করে ভারতের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক উন্নয়ন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত এবং সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রতিরোধে পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি আসিয়ানের পূর্ণ সদস্যপদ অর্জন, সার্ককে কার্যকর করা, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকট সমাধান এবং দেশের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিকে পররাষ্ট্রনীতির অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা উচিত।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, আইআর বিভাগ এক মাসে দুটি সেমিনারের আয়োজন করেছে, যা প্রশংসনীয়। এ বিভাগে বিশ্ববিদ্যালয়ের অন্যতম যোগ্য ও দক্ষ শিক্ষকেরা রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির মাধ্যমে কোনো দেশের প্রতি অধীনস্থ না হয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। চীন ও জাপানের সঙ্গে সাম্প্রতিক চুক্তি ও সহযোগিতাকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন তিনি।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, সামুদ্রিক কূটনীতি ও বাণিজ্যিক অংশীদারত্ব বাংলাদেশের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং ব্লু ইকোনমির উন্নয়নে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে গবেষণায় শিক্ষার্থী ও শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আইআর বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে অভিবাসন ও অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি সেমিনারে উপস্থিত সহকর্মী ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক অধ্যাপক ড. আকমল হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: