খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাঙামাটি দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই করে। পাশাপাশি প্রকল্পের বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ১০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেন মাস্টারদা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী। গত বছরের ৭ জুলাই তিনি সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং জেলা পরিষদের তিন কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ করেন।
ওই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুদকের দলটি জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করে। একই সঙ্গে প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিস্থিতিও সরেজমিনে পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।
দুদক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানের অংশ হিসেবে প্রকল্পগুলোর বরাদ্দ, অর্থ ব্যয়ের হিসাব, বাস্তবায়নের অগ্রগতি এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হচ্ছে।
তবে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।