ক্লাস শেষে ক্যাম্পাসের দোকানে দাঁড়িয়ে ২০ টাকার একটি প্যাকেট হাতে নিলেন এক শিক্ষার্থী। প্যাকেটের সামনে রঙিন ছবি, বড় অক্ষরে লেখা ‘এনার্জি’, কোণায় ‘লো ফ্যাট’। কিন্তু এতে কতটা চিনি, লবণ বা সম্পৃক্ত চর্বি আছে, তা কি তিনি সহজেই জানতে পারছেন? প্যাকেটের পেছনে ছোট অক্ষরে লেখা পুষ্টিতথ্য ও পরিবেশনের হিসাব সবার পক্ষে বোঝা সহজ নয়। আমরা প্রতিদিন খাবার কিনি, কিন্তু কতটুকু জানি—আমরা আসলে কী খাচ্ছি?
খাদ্য শুধু স্বাদ বা ক্ষুধা মেটানোর বিষয় নয়; এটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের সঙ্গেও জড়িত। তাই খাবার সম্পর্কে জানার অধিকার ভোক্তার মৌলিক অধিকার। এই অধিকার বাস্তবায়নের একটি উপায় হলো ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং (এফওপিএল)। প্যাকেটের সামনেই সহজে চোখে পড়ে—এমন লেখা বা প্রতীক থাকলে ক্রেতা দ্রুত বুঝতে পারবেন, পণ্যটিতে অতিরিক্ত চিনি, সোডিয়াম বা সম্পৃক্ত চর্বি রয়েছে কি না। এফওপিএল তথ্য, অধিকার ও সচেতন সিদ্ধান্তের মধ্যে সেতুবন্ধ তৈরি করে।
তথ্য থাকলেই কি জানা হয়?
বাংলাদেশে প্যাকেটজাত খাবারে পুষ্টিতথ্য থাকলেও তা সহজে বোঝা যায় না। বাজারের ব্যস্ততায় ছোট অক্ষরে লেখা তথ্যের তালিকা অনেকেই পড়েন না। পড়লেও পরিবেশনের পরিমাণ ও দৈনিক চাহিদার হিসাব মেলানো কঠিন। শিশু-কিশোর এবং পুষ্টিবিষয়ক সীমিত জ্ঞানসম্পন্ন মানুষের জন্য এসব তথ্যের ভিত্তিতে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। বোঝার অযোগ্য তথ্য দিয়ে জানার অধিকার নিশ্চিত করা যায় না।
এর প্রভাব ব্যক্তিগত গণ্ডি ছাড়িয়ে জাতীয় জনস্বাস্থ্যের ওপরও পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের সঙ্গে অসংক্রামক রোগ জড়িত। হৃদ্রোগ, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যানসার ও দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ এর মধ্যে উল্লেখযোগ্য। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস—বিশেষ করে অতিরিক্ত চিনি, লবণ বা সোডিয়াম এবং সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার নিয়মিত গ্রহণ—এসব রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাই শুধু ‘সচেতন হোন’ বলাই যথেষ্ট নয়; মানুষ যে পরিবেশে খাবার বেছে নেন, সেখানেও সহজবোধ্য ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন, ব্র্যান্ডিং, দাম ও প্যাকেটের উপস্থাপন ক্রেতার সিদ্ধান্তকে প্রভাবিত করে। পণ্যের আকর্ষণীয় দিকগুলো বড় করে তুলে ধরা হলেও পুষ্টিগত ঝুঁকি আড়ালে থেকে যেতে পারে। এই অসমতা কমাতে প্যাকেটের সামনের সতর্কতামূলক লেবেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লেবেল: তথ্য থেকে আচরণ পরিবর্তনের হাতিয়ার
এফওপিএলের শক্তি হলো জটিল পুষ্টিতথ্যকে সহজ সিদ্ধান্তে রূপ দেওয়া। ডব্লিউএইচও, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) সহজবোধ্য পুষ্টি-লেবেলিংয়ের গুরুত্ব তুলে ধরেছে। চিলি, মেক্সিকো, পেরু, উরুগুয়ে ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে প্যাকেটের সামনে সতর্কতামূলক লেবেল চালু হয়েছে। এসব দেশের অভিজ্ঞতা দেখায়, সতর্কবার্তা ঝুঁকিপূর্ণ পণ্য শনাক্ত করতে ক্রেতাদের সহায়তা করতে পারে। পাশাপাশি উৎপাদকদের পণ্যের উপাদান ও পুষ্টিমান উন্নত করতেও উৎসাহিত করতে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপটেও এ বিষয়ে গবেষণার প্রমাণ রয়েছে। ২০২৬ সালে ‘কারেন্ট ডেভেলপমেন্টস ইন নিউট্রিশন’ সাময়িকীতে প্রকাশিত একটি জাতীয় পর্যায়ের দৈবচয়নভিত্তিক নিয়ন্ত্রিত পরীক্ষায় (র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল) ১০ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরী এবং ১৯ থেকে ৬০ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে বিভিন্ন ধরনের এফওপিএল পরীক্ষা করা হয়। গবেষণায় দেখা যায়, কোনো এফওপিএল না থাকলে অস্বাস্থ্যকর পণ্য সঠিকভাবে শনাক্ত করতে পেরেছিলেন মাত্র প্রায় ১৪ থেকে ১৫ শতাংশ অংশগ্রহণকারী। সতর্কতামূলক লেবেল থাকলে এ হার কিশোর-কিশোরীদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৬৮ শতাংশে পৌঁছায়। পরীক্ষিত লেবেলগুলোর মধ্যে লিখিত সতর্কবার্তাযুক্ত লেবেল সবচেয়ে কার্যকর ছিল।
এই ফলাফল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এটি দেখায়, প্যাকেটের সামনের সহজ ও স্পষ্ট সতর্কবার্তা ক্রেতাকে পণ্যে অতিরিক্ত চিনি, সোডিয়াম বা সম্পৃক্ত চর্বির উপস্থিতি ও ঝুঁকি বুঝতে সহায়তা করতে পারে। অর্থাৎ মানুষকে শুধু তথ্য দিলেই হবে না; তথ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে তাঁরা দ্রুত বুঝতে পারেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা কাজে লাগাতে পারেন।
জানার অধিকারের সাংবিধানিক ও আইনগত ভিত্তি
এফওপিএল বাস্তবায়নের দাবি শুধু নীতিগত আলোচনা নয়; এর সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তার তথ্য জানার অধিকারের প্রশ্নও জড়িত। বাংলাদেশের সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনগণের পুষ্টির মান উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিকে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৫(ক) অনুচ্ছেদে খাদ্যসহ মৌলিক প্রয়োজন পূরণকে রাষ্ট্রের দায়িত্বের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্যের প্রাপ্যতার পাশাপাশি সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্যের লেবেলিং, প্যাকেজিং ও ভোক্তাকে তথ্য দেওয়ার বিষয়ে বিধিবিধান প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে। ২০২৬ সালে প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা’য় প্যাকেটের সামনের সতর্কতামূলক লেবেল অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এই উদ্যোগকে কার্যকর, বৈজ্ঞানিক ও জনস্বাস্থ্যভিত্তিক নিয়মে রূপ দেওয়া জরুরি।
তরুণদের কণ্ঠ কেন জরুরি?
‘জানার অধিকার’ এবং ‘সচেতনভাবে কাজ করার দায়িত্ব’—এ দুটি বিষয় একে অপরের পরিপূরক। তরুণেরা আজ প্যাকেটজাত খাবারের বড় একটি ভোক্তাগোষ্ঠী। একই সঙ্গে তাঁরাই আগামী দিনের অভিভাবক, চিকিৎসক, গবেষক, শিক্ষক, উদ্যোক্তা ও নীতিনির্ধারক। খাদ্যপরিবেশের প্রভাব শুধু বর্তমান প্রজন্মের নয়, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্যকেও প্রভাবিত করবে।
তরুণেরা প্যাকেটের সতর্কবার্তা দেখে বিকল্প পণ্য বেছে নিতে, পরিবারের সদস্যদের তথ্য বুঝিয়ে বলতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ভরযোগ্য তথ্য ছড়িয়ে দিতে পারেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আলোচনা, বিতর্ক, সেমিনার এবং সহপাঠীদের মাধ্যমে জ্ঞান বিনিময়ের (পিয়ার এডুকেশন) উদ্যোগ নিয়ে এফওপিএল বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব। তরুণদের দাবি হওয়া উচিত—‘সঠিক তথ্য দিন, যাতে আমরা নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিতে পারি।’
এফওপিএল নিয়ে প্রচলিত আপত্তি ও বাস্তবতা
এফওপিএল শিল্পবিরোধী কোনো ব্যবস্থা নয়। ব্যবসা করা বৈধ; আর স্বচ্ছ লেবেলিং দায়িত্বশীল উৎপাদন ও ভোক্তার আস্থা বাড়াতে পারে। তবে বাধ্যতামূলক সতর্কতামূলক লেবেল চালুর আলোচনায় কয়েকটি আপত্তি সামনে আসে।
প্রথমত, সতর্কতামূলক লেবেলের পরিবর্তে গাইডলাইন ডেইলি অ্যামাউন্ট (জিডিএ) ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু জিডিএ মূলত সংখ্যা ও পরিমাণের তথ্য তুলে ধরে। তা বুঝতে পরিবেশনের আকার, দৈনিক চাহিদা ও শতাংশের হিসাব জানতে হয়। প্যাকেটে একাধিক পরিবেশনের পরিমাণ উল্লেখ থাকলেও কেউ পুরো প্যাকেট একবারে খেতে পারেন। ফলে হিসাব বিভ্রান্তিকর হতে পারে। বিপরীতে ‘উচ্চ চিনি’, ‘উচ্চ সোডিয়াম’ বা ‘উচ্চ সম্পৃক্ত চর্বি’ লেখা সতর্কবার্তা তুলনামূলকভাবে সরাসরি ও সহজবোধ্য। বাংলাদেশের ২০২৬ সালের গবেষণাতেও সতর্কতামূলক লেবেল পরীক্ষিত অন্যান্য ফরম্যাটের তুলনায় বেশি কার্যকর ছিল।
দ্বিতীয়ত, লেবেলিংয়ের ব্যবস্থা প্রথম কয়েক বছর স্বেচ্ছামূলক রাখার কথা বলা হয়। কিন্তু স্বেচ্ছামূলক ব্যবস্থায় সব প্রতিষ্ঠান একইভাবে লেবেল দেবে—এমন নিশ্চয়তা নেই। বাস্তবায়নের জন্য শিল্পপ্রতিষ্ঠানগুলোকে যুক্তিসংগত ও সীমিত সময়ের প্রস্তুতিমূলক সুযোগ দেওয়া যেতে পারে। তবে তা যেন বাধ্যতামূলক ব্যবস্থা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার কারণ না হয়।
তৃতীয়ত, ছোট প্যাকেটকে ছাড় দেওয়ার প্রস্তাবও আসে। কিন্তু প্যাকেট ছোট হলেই পণ্যের পুষ্টিগত ঝুঁকি কমে যায় না। কম দামের চিপস, বিস্কুট, চকোলেট ও মিষ্টিজাতীয় স্ন্যাকস শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ কেনেন। প্রয়োজনে ছোট প্যাকেটের উপযোগী লেবেল বা প্রতীক নির্ধারণ করা যেতে পারে। তবে সম্পূর্ণ ছাড় দিলে সতর্কবার্তা এড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
কোডেক্স অ্যালিমেন্টারিয়াসের ২০২২ সালের এফওপিএল নির্দেশিকা (CXG 99-2022) দেশগুলোকে নিজস্ব জনস্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা বেছে নেওয়ার সুযোগ দেয়। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্যসংক্রান্ত কারিগরি প্রতিবন্ধকতা (টিবিটি) চুক্তিও জনস্বাস্থ্য সুরক্ষাকে একটি বৈধ উদ্দেশ্য হিসেবে স্বীকার করে। তাই বৈজ্ঞানিক প্রমাণ, স্বচ্ছ প্রক্রিয়া ও বৈষম্যহীন প্রয়োগের ভিত্তিতে এফওপিএল বাস্তবায়ন সম্ভব। এ ক্ষেত্রে অংশীজনদের মতামত গুরুত্বপূর্ণ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত স্বাধীন বৈজ্ঞানিক প্রমাণ ও জনস্বার্থের ভিত্তিতে।
কেউ প্রশ্ন করতে পারেন, ‘ভোক্তা নিজেই তো সিদ্ধান্ত নেবেন, তাহলে বাধ্যতামূলক লেবেল কেন?’ কারণ সিদ্ধান্তের স্বাধীনতা তখনই অর্থবহ হয়, যখন তা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে নেওয়া যায়। এফওপিএল কারও পছন্দ কেড়ে নেয় না; বরং সচেতনভাবে পছন্দ করার সুযোগ তৈরি করে।
বাংলাদেশের জন্য কেমন এফওপিএল প্রয়োজন?
বাংলাদেশের জন্য কার্যকর এফওপিএল হতে হবে বাধ্যতামূলক, সহজবোধ্য, বৈজ্ঞানিকভাবে নির্ভরযোগ্য এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। লেবেলে অতিরিক্ত চিনি, সোডিয়াম ও সম্পৃক্ত চর্বির ঝুঁকি সরাসরি বোঝাতে হবে। দেশি-বিদেশি, বড়-ছোট কিংবা কম দামের পণ্য—সব ক্ষেত্রেই একই জনস্বাস্থ্যভিত্তিক নীতি কার্যকর করা প্রয়োজন।
রাষ্ট্রের দায়িত্ব হলো প্রমাণভিত্তিক বিধান দ্রুত কার্যকর করা, বাস্তবসম্মত রূপান্তরকাল নির্ধারণ এবং তদারকি নিশ্চিত করা। শিল্পপ্রতিষ্ঠানগুলোর উচিত স্বচ্ছ লেবেলিং নিশ্চিত করা ও পণ্যের পুষ্টিমান উন্নত করা। শিক্ষাপ্রতিষ্ঠানে খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়াতে হবে, যাতে শিক্ষার্থীরা লেবেল পড়তে ও বুঝতে শেখেন। তরুণেরা গবেষণাভিত্তিক প্রচারণা ও নীতিগত আলোচনায় অংশ নিতে পারেন। একই সঙ্গে ভোক্তাদেরও পণ্যের প্রচারণার পাশাপাশি পুষ্টিতথ্য বিবেচনায় নেওয়া উচিত।
উপসংহার
একটি সুস্থ জাতি শুধু হাসপাতাল, ওষুধ বা চিকিৎসকের ওপর নির্ভর করে গড়ে ওঠে না; গড়ে ওঠে প্রতিদিনের অসংখ্য সচেতন সিদ্ধান্তের মধ্য দিয়ে। আমরা কী খাব, কতটা খাব এবং কোন খাবার নিয়মিত গ্রহণ করব—এসব সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্যকে প্রভাবিত করে। ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং কোনো সাধারণ স্টিকার নয়; এটি মানুষের জানার অধিকারকে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতায় রূপ দেওয়ার একটি নীতিগত হাতিয়ার।
আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো মা সন্তানের জন্য খাবার কেনার সময়, কোনো শিক্ষার্থী ক্যাম্পাসের দোকানে কিংবা কোনো তরুণ বাজারে দাঁড়িয়ে প্যাকেটের সামনেই পরিষ্কার, দৃশ্যমান ও নির্ভরযোগ্য তথ্য দেখে বুঝতে পারবেন তিনি কী কিনছেন। কারণ একটি সচেতন সিদ্ধান্ত হয়তো আজ একটি প্যাকেটের খাবার বেছে নেওয়ার ধরন বদলাবে; কিন্তু কোটি মানুষের সচেতন সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি প্রজন্মের স্বাস্থ্য ও ভবিষ্যৎ।
তানভীর রহমান তানিম | শিক্ষার্থী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি