রাজবাড়ীতে গরুবাহী ট্রাকের গতিরোধ করে ১১টি গরু ও ব্যবসায়ীদের মালামাল লুট করেছে ডাকাতেরা। সোমবার (১৬ নভেম্বর) ভোররাত ৪টার দিকে জেলা শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। এ ছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুই ব্যবসায়ী আহত হন।
ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার হেলাল গাজী ও মিনহাজ গাজী। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন।
ভুক্তভোগীদের ভাষ্য, সোমবার ভোররাতে রাজবাড়ীর পাংশা উপজেলার মহাসড়কের পাশের একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে জেলা শহরের দিকে রওনা হন তাঁরা। পথে ভোর পৌনে ৪টার দিকে পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ট্রাকের গতিরোধ করে। ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে।
একপর্যায়ে ডাকাতেরা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে সেটি শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যায়। সেখানে ট্রাকে থাকা ১১টি গরু নিজেদের ট্রাকে তুলে নেয় তারা। পাশাপাশি ব্যবসায়ীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে গরু পরিবহনে ব্যবহৃত ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতেরা।
ব্যবসায়ীরা বাধা দিতে গেলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে দুজন আহত হন।
ঘটনার পর সকালে ভুক্তভোগী ব্যবসায়ীরা বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চলছে।’