দিনাজপুর ও বিরামপুরে পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৭০০ বোতল বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৫ হাজার টাকা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীন খানপুর বিওপি এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি অভিযান চালানো হয়।
এর মধ্যে দিনাজপুর কোতোয়ালি থানার খুদিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে খানপুর বিওপির সদস্যরা ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (অ্যালপ্রাজোলাম ০.৫) জব্দ করেন। এ ছাড়া বিরামপুর থানার রেলগেট ও মণ্ডপের মোড় এলাকায় অভিযান চালিয়ে বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা ৭০০ বোতল বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেন। মালিকবিহীন অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।