খুলনার দৌলতপুরের আলোচিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আজম শেখকে (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর থানার শিমুলতলী রোডের ঝুমুর সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, আজম শেখ খুলনার দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শেখ কামাল।
সংস্থাটির দাবি, আজমের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় ১৩টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য-সংক্রান্ত ছয়টি, হত্যাচেষ্টার চারটি, চাঁদাবাজির দুটি এবং চুরির একটি মামলা রয়েছে। তাঁর পিসি-প্রতিবেদন ও পুলিশ রেকর্ড পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।
এসআরবি জানায়, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে সংস্থাটি অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।