কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১ দশমিক ১ গ্রাম হেরোইন, ৩০টি ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের মাদারেরপাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। মাদারেরপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন কাকলী রানীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাকলী রানী (৩৭), জয়দেব কুমার মহন্ত (২৫), সুভাষ চন্দ্র ওরফে বাবু (৩০) এবং মো. আহসান হাবীব ওরফে সাহেব (৪০)। তাঁদের মধ্যে প্রথম তিনজন ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। অপরজন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দলন গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ফুলবাড়ী থানা-পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।