ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত চিকিৎসাসেবা

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সারাদেশ

সিলেটের ওসমানীনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই প্রত্যাশা পূরণে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ভবন। কিন্তু

2026-11-15T16:43:54+00:00
2026-11-15T16:43:54+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভবন আছে, চিকিৎসক-নার্স নেই
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত চিকিৎসাসেবা
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম 
ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত চিকিৎসাসেবা
সিলেটের ওসমানীনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই প্রত্যাশা পূরণে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ভবন। কিন্তু ভবনের ভেতরে প্রবেশ করলেই দেখা যায় ভিন্ন চিত্র। চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ফলে উপজেলার প্রায় তিন লাখ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নতুন ভবন নির্মাণের দীর্ঘদিন পেরিয়ে গেলেও স্বাস্থ্য কমপ্লেক্সটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসারের মোট পদ ৩৩টি। এর বিপরীতে পদায়ন করা হয়েছে মাত্র ১৪ জনকে। তাঁদের মধ্যে ছয়জন সংযুক্তিতে অন্যত্র কর্মরত। ফলে কর্মস্থলে বাস্তবে চিকিৎসকের উপস্থিতি আরও কম। ডা. মনিকা বিশ্বাসও ফেঞ্চুগঞ্জে সংযুক্তিতে রয়েছেন।

হাসপাতালের গুরুত্বপূর্ণ পদ আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) পদটি দীর্ঘদিন ধরে শূন্য। এ পদে চিকিৎসক না থাকায় জরুরি বিভাগ, ভর্তি রোগীদের ব্যবস্থাপনা ও রাতের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

সিনিয়র স্টাফ নার্সের ২৫টি পদের বিপরীতে পদায়ন করা হয়েছে মাত্র সাতজনকে। এই অল্পসংখ্যক নার্স দিয়েই জরুরি বিভাগ, ওয়ার্ড, প্রসবকক্ষ ও বহির্বিভাগের সেবা চালাতে হচ্ছে।

মিডওয়াইফের পদটিও শূন্য। এতে গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসবসেবা ব্যাহত হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় পরীক্ষাগার কার্যক্রম প্রায় বন্ধ। অন্যদিকে, রেডিওগ্রাফার জৈন্তাপুরে সংযুক্তিতে থাকায় হাসপাতালে এক্স-রে সেবাও পাওয়া যাচ্ছে না।

স্বাস্থ্য সহকারীর ৩৩টি পদের বিপরীতে নিয়োগ রয়েছে ২২ জনের। ফলে ১১টি পদ শূন্য রয়েছে। এতে গ্রাম পর্যায়ে টিকাদান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ ছাড়া স্টোরকিপার, ওয়ার্ড বয় ও আয়ার কোনো পদেই জনবল নেই। অফিস সহকারীর তিনটি পদের মধ্যে দুটি শূন্য। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

স্থানীয় রোগীদের অভিযোগ, জ্বর, ডায়রিয়া, প্রসবব্যথা কিংবা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেলেও প্রয়োজনের সময় চিকিৎসক পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে তাঁদের সিলেটে যাওয়ার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

এক ভুক্তভোগী বলেন, ‘আমাদের ঘরের পাশে এত বড় হাসপাতাল, কিন্তু ডাক্তার নেই। গরিব মানুষের সিলেটে যাওয়ার টাকা কোথায়? আমরা কি চিকিৎসা ছাড়াই মরব?’

আরেক রোগী বলেন, ‘একটি এক্স-রে কিংবা রক্ত পরীক্ষার জন্যও সিলেটে যেতে হয়। তাহলে এই ভবন দিয়ে কী লাভ হলো?’

শুধু জনবল সংকটই নয়, হাসপাতালের ভবনের কিছু অসম্পূর্ণ কাজও এখনো শেষ হয়নি। এ বিষয়ে এক্সএন জাকিয়া সুলতানা জানিয়েছেন, লাইটিং ও রাস্তার কাজসহ অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মইনুল আহসান বলেন, ‘জনবল সংকটের কারণে চাইলেও আমরা পূর্ণাঙ্গ সেবা দিতে পারছি না। শূন্য পদ পূরণ ও সংযুক্তিতে থাকা জনবল ফিরিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।’

এ অবস্থায় দ্রুত শূন্য পদে নিয়োগ, সংযুক্তিতে থাকা চিকিৎসকদের নিজ কর্মস্থলে ফিরিয়ে আনা এবং মিডওয়াইফ, টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, স্টোরকিপার, ওয়ার্ড বয় ও আয়া নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে এক্স-রে, পরীক্ষাগার ও জরুরি বিভাগের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করে স্বাস্থ্য কমপ্লেক্সটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি তাঁদের।

সচেতন মহলের মতে, শুধু ভবন নির্মাণ করলেই স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না। প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম ছাড়া হাসপাতালের ভবন কার্যত ইট-পাথরের কাঠামো হয়ে থাকে। ওসমানীনগরের মানুষ এখন আর প্রতিশ্রুতি নয়, কার্যকর ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: