মদনে নিলাম ছাড়াই পুরোনো সেতু ভেঙে নেওয়ার অভিযোগ, বিপাকে এলাকাবাসী

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদন উপজেলায় সরকারি নিলাম প্রক্রিয়া ও বিধিবিধান অনুসরণ না করেই মদন-শিবপাশা সড়কের একটি পুরোনো সেতু ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ

2026-11-15T16:32:36+00:00
2026-11-15T16:32:36+00:00
  মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
মদনে নিলাম ছাড়াই পুরোনো সেতু ভেঙে নেওয়ার অভিযোগ, বিপাকে এলাকাবাসী
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৩২ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মদন উপজেলায় সরকারি নিলাম প্রক্রিয়া ও বিধিবিধান অনুসরণ না করেই মদন-শিবপাশা সড়কের একটি পুরোনো সেতু ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রকৌশলীর যোগসাজশে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, নিয়মবহির্ভূতভাবে সেতুর মালামাল সরিয়ে নেওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে। এদিকে সেতু ভেঙে ফেলায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে গত ৯ নভেম্বর মদন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফেকনী গ্রামের কয়েকজন বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, মদন থেকে ফেকনী হয়ে শিবপাশা গ্রাম পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সংস্কার বা উন্নয়নের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ওই সড়কের ফেকনী গ্রামসংলগ্ন পুরোনো সেতুটি কোনো ধরনের নিলাম বা সরকারি বিধিবিধান অনুসরণ না করেই গোপনে ভেঙে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর আশঙ্কা, সেতুর লোহা ও অন্যান্য মূল্যবান নির্মাণসামগ্রী নিয়মবহির্ভূতভাবে সরিয়ে নেওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি সেতুটি ভেঙে ফেলায় ওই সড়কে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ফেকনী গ্রামের বাসিন্দা ও অভিযোগকারী সৈয়দ মোশাররফ হোসেন, মো. রোমন মিয়া ও মো. ফজলে রাব্বিসহ অভিযোগে স্বাক্ষরকারীরা দ্রুত সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগকারী সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘কোনো ধরনের সরকারি নিলাম বা দরপত্র প্রক্রিয়া ছাড়াই সেতুটি ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে এলাকার সাধারণ মানুষ চলাচলের ক্ষেত্রে সীমাহীন কষ্টে পড়েছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’

এ বিষয়ে মদন উপজেলা প্রকৌশলী মো. আরিফ উল্লাহ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদ থেকে সেতুটি নিলামে দেওয়া হয়েছে। নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সেতু ভেঙে এলজিইডির নিয়োগ করা ঠিকাদার নতুন সেতু নির্মাণ করছেন। তবে নিলামে কত টাকা পাওয়া গেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘ইউনিয়ন প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন, তিনি ভালো বলতে পারবেন।’

অন্যদিকে, মদন ইউনিয়ন প্রশাসক ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আপনি ইঞ্জিনিয়ার অফিসে কথা বলেন, তারা ভালো বলতে পারবে।’

এদিকে, সড়কের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস ভাটি বাংলার প্রতিনিধি সেন্টু মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের বলেন, ‘অভিযোগটি আমি পেয়েছি। ইউনিয়ন প্রশাসক কোনোভাবেই এই নিলাম দিতে পারেন না। বিষয়টি যেহেতু এলজিইডির, তাই এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি দেখছি।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: