একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে রণাঙ্গনে সম্মুখযুদ্ধে অংশ নিয়েছিলেন, ৫৫ বছর পর সেই স্মৃতিবিজড়িত জনপদে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। আগামী ১ ডিসেম্বর সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের আমন্ত্রণে তাঁর এ সফরের কর্মসূচি রয়েছে।
সফরকালে তিনি কানাইঘাট উপজেলার সাতবাঁক পরগনার দিঘীরপার এলাকায় শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তমের কবর জিয়ারত করবেন। এ ছাড়া জকিগঞ্জ উপজেলার চারিগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন এবং উপজেলা সদরে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে।
মুক্তিযুদ্ধের ইতিহাসে কানাইঘাট ও জকিগঞ্জের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ১৯৭১ সালে সিলেট অঞ্চল শত্রুমুক্ত করার অভিযানে এ দুই উপজেলার বিভিন্ন স্থানে একাধিক সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। এসব যুদ্ধে সরাসরি অংশ নিয়েছিলেন তৎকালীন মেজর হাফিজ উদ্দিন আহমদ। সম্মুখযুদ্ধে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি বীরবিক্রম খেতাবে ভূষিত হন।
স্পিকারের সফরসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তমের কবর জিয়ারত। ১৯৭১ সালের ২৬ নভেম্বর কানাইঘাটের দিঘীরপার এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন ক্যাপ্টেন মাহবুবুর রহমান। যুদ্ধের পর তাঁকে সাতবাঁক ঈদগাহ মাদ্রাসার কবরস্থানে সমাহিত করা হয়। ওই যুদ্ধে মেজর হাফিজ উদ্দিন আহমদও অংশ নিয়েছিলেন। ফলে সহযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবর জিয়ারত তাঁর জন্য বিশেষ আবেগঘন মুহূর্ত হয়ে উঠতে পারে।
স্পিকারের এ সফরের পেছনে রয়েছে জাতীয় সংসদে উঠে আসা মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস। চলতি বছরের ৭ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের দাবি তুলে ধরেন। এ সময় তিনি এ অঞ্চলে সংঘটিত সম্মুখযুদ্ধ এবং শহীদ ও বীরত্বপূর্ণ ভূমিকা পালনকারী মুক্তিযোদ্ধাদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
সংসদে বক্তব্যের সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একাত্তরের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন এবং কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন স্থানে তাঁর যুদ্ধকালীন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পরে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের সঙ্গে সাক্ষাতের সময় স্পিকার এ জনপদ সফরের আগ্রহ প্রকাশ করেন। সেই আগ্রহের ধারাবাহিকতায় এবার তাঁর এ সফরের আয়োজন করা হচ্ছে।
কানাইঘাট ও জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে বহু বীর মুক্তিযোদ্ধার অবদান জড়িয়ে রয়েছে। এ অঞ্চলের বিভিন্ন রণাঙ্গনে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ একাধিক মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হন। তাঁদের মধ্যে বীরউত্তম, বীরবিক্রম ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা রয়েছেন। একাত্তরের বিভিন্ন সামরিক কর্মকর্তা ও মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন স্মৃতিও এ জনপদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত।
সংশ্লিষ্টদের মতে, স্পিকারের এ সফর কেবল আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ ইতিহাস ও স্মৃতিবিজড়িত স্থানগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই সঙ্গে শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং ঐতিহাসিক স্থানগুলোর যথাযথ মর্যাদা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেতে পারে এ সফরে।
মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর নিজের যুদ্ধকালীন স্মৃতিবিজড়িত জনপদে স্পিকারের এ প্রত্যাবর্তনকে ঘিরে কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের মধ্যে আগ্রহ ও আবেগ তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর এ সফরের মধ্য দিয়ে অঞ্চলটির মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতিচিহ্ন সংরক্ষণের বিষয়টি জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।