মাদক পাচারের ট্রানজিট রুট হয়ে উঠছে মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

দেশের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা মানিকগঞ্জ। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার হওয়ায় ভৌগোলিক ও যোগাযোগগত দিক থেকে জেলাটির

2026-11-09T11:30:30+00:00
2026-11-09T11:30:30+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
মাদক পাচারের ট্রানজিট রুট হয়ে উঠছে মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৩০ এএম 
সংগৃহীত ছবি
দেশের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা মানিকগঞ্জ। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার হওয়ায় ভৌগোলিক ও যোগাযোগগত দিক থেকে জেলাটির গুরুত্ব অনেক। ঢাকা-আরিচা মহাসড়ক, হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক এবং গুরুত্বপূর্ণ নৌপথের সংযোগ থাকায় প্রতিদিন এ জেলার ওপর দিয়ে চলাচল করে বিপুলসংখ্যক যানবাহন ও মানুষ। আর এই যোগাযোগব্যবস্থার সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র মানিকগঞ্জকে মাদক পাচারের অন্যতম ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্র ও সাম্প্রতিক অভিযানের তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।

ঢাকার আশপাশের অন্যান্য জেলার তুলনায় মানিকগঞ্জে মাদকের প্রকাশ্য বিস্তার তুলনামূলক কম বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। তবে মাদক পরিবহনের নিরাপদ করিডর হিসেবে জেলাটির ব্যবহার বাড়ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ইয়াবা ও হেরোইন পরিবহনে জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোকে কাজে লাগাচ্ছে পাচারকারীরা। এসব মাদকের বড় একটি অংশ মানিকগঞ্জের ওপর দিয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে গেলেও কিছু অংশ স্থানীয় মাদক কারবারিদের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।

সম্প্রতি এর একটি উদাহরণ দেখা গেছে। যশোরের চৌগাছা থেকে নবীনগর যাওয়ার পথে মানিকগঞ্জ পুলিশ লাইন্সের সামনে একটি দূরপাল্লার বাস থেকে প্রায় ১০০ পিস ফেনসিডিলসহ আবু দুলাল নামের এক ব্যক্তিকে আটক করে এসআরবি-৪। রয়েল এক্সপ্রেসের ওই বাসে সাধারণ যাত্রীর ছদ্মবেশে মাদক বহন করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ঘটনাটি আবারও সামনে এনেছে দূরপাল্লার গণপরিবহন ব্যবহার করে এক জেলা থেকে অন্য জেলায় মাদক সরবরাহের বিষয়টি।

মহাসড়ক ও নৌপথ পাচারের করিডর

জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সাভার, নবীনগর ও ধামরাই হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক এবং হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক মাদক পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব পথে দূরপাল্লার বাস, পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন পরিবহনে কৌশলে মাদক বহন করা হয়। যাত্রী বা সাধারণ পণ্যবাহী পরিবহনের আড়ালে মাদক বহনের কারণে অনেক ক্ষেত্রে পাচারকারীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

শুধু সড়কপথ নয়, নৌপথও মাদক পাচারের ঝুঁকিমুক্ত নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাষ্য অনুযায়ী, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথেও মাদক পরিবহনের তথ্য পাওয়া গেছে। নদীপথের বিস্তৃত যোগাযোগব্যবস্থা এবং বিভিন্ন ঘাটে মানুষের অবাধ যাতায়াতকে কাজে লাগানোর চেষ্টা করছে পাচারকারী চক্র।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ইয়াবা ও হেরোইন পরিবহনের প্রবণতা বেশি। আকারে ছোট হওয়ায় এসব মাদক সহজে বহন ও লুকিয়ে রাখা যায়। অন্যদিকে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্যও পরিবহন করা হলেও পরিমাণের দিক থেকে তা তুলনামূলক কম বলে জানা গেছে।

১০ মাসে ৬১৭ অভিযান, ১৯৮ মামলা

মাদকের বিস্তার ও পাচার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পরিসংখ্যানও বেশ বড়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নিজস্ব জনবল দিয়ে জেলায় ৬১৭টি অভিযান পরিচালনা করেছে অধিদপ্তর। এসব অভিযানে ১৯৮টি মামলা করা হয়েছে। মামলাগুলোতে আসামি করা হয়েছে ২০৫ জনকে। তাঁদের মধ্যে ১৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৯ জন পলাতক রয়েছেন।

অধিদপ্তরের অভিযানে উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে ১১ হাজার ৩৬৯ পিস ইয়াবা, ১০৬ দশমিক ৫৩ গ্রাম হেরোইন, ১২ দশমিক ৮৬০ কেজি গাঁজা, ৫ লিটার চোলাই মদ এবং ২ অ্যাম্পুল নেশার ইনজেকশন। এ ছাড়া ৭৮০ গ্রাম শিশা, একটি হুক্কা, ৫০০ গ্রাম কয়লা, গাঁজা সেবনের একটি কলকি, তিনটি মুঠোফোন ও দুটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অভিযানে নগদ ৬২ হাজার ১২০ টাকাও জব্দ করা হয়।

এদিকে বিভিন্ন থানার পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবির পৃথক অভিযানে আরও মাদকদ্রব্য উদ্ধার এবং গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

সাত উপজেলায় ৫৭৪ মামলা, গ্রেপ্তার ৭৪৮

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া সামগ্রিক হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মানিকগঞ্জে মাদকসংক্রান্ত ৫৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৭৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলায়। এখানে ১৭২টি মামলায় ২১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিংগাইরে ১৩৬টি মামলায় ১৭৩ জন, শিবালয়ে ৮৪টি মামলায় ১২২ জন, সাটুরিয়ায় ৬২টি মামলায় ৭৮ জন, ঘিওরে ৪৫টি মামলায় ৬৩ জন, হরিরামপুরে ৪০টি মামলায় ৫১ জন এবং দৌলতপুরে ৩৫টি মামলায় ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিসংখ্যান বলছে, সদর ও সিংগাইর উপজেলাতেই মোট মামলার অর্ধেকের বেশি হয়েছে। বিশেষ করে সিংগাইরের সঙ্গে সাভার ও হেমায়েতপুরের সড়ক যোগাযোগ এবং সদর উপজেলার ওপর দিয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ও অন্যান্য যোগাযোগপথ থাকায় এসব এলাকার মাদক পরিস্থিতি বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তরুণদের বড় অংশ ইয়াবা ও হেরোইনে আসক্ত

মাদক শুধু পাচারের সমস্যা নয়, এর বড় প্রভাব পড়ছে তরুণ সমাজের ওপর। মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, মাদকসেবীদের অধিকাংশের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁদের বড় একটি অংশ ইয়াবা ও হেরোইনে আসক্ত। সহজে বহন ও গোপন করা যায় বলে এসব মাদকের প্রতি ব্যবহারকারীদের ঝোঁক বেশি। তবে তুলনামূলক বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা দেখা যায়।

তিনি বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে রক্ষা করতে হলে সম্মিলিতভাবে এই ব্যাধি নির্মূল করতে হবে।

সচেতনতা ও চিকিৎসায় উদ্যোগ

মাদক নিয়ন্ত্রণে শুধু অভিযান ও গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয় প্রকল্প ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ৬৫টি মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র‍্যালি, সেমিনার, কর্মশালা, ভলিবল খেলা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং প্রদর্শন। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট, স্টিকার, খাতা, কলম, স্কেল, জ্যামিতি বক্স, স্কুলব্যাগ, টি-শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়েছে।

অন্যদিকে মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলার তিনটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মোট ৩৬৫ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক জীবনে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, মাদকের চাহিদা ও বিস্তার রোধে আইনগত ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে জেলার সব উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনেও অধিদপ্তর কাজ করছে।

অভিযান বাড়লেও প্রশ্ন পাচারের মূল হোতাদের নিয়ে

একদিকে বিপুলসংখ্যক অভিযান, মামলা ও গ্রেপ্তার; অন্যদিকে মহাসড়ক ও নৌপথে মাদক পরিবহনের অভিযোগ—দুটি চিত্র পাশাপাশি রাখলে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। যেসব মাদক মানিকগঞ্জের ওপর দিয়ে অন্য জেলায় যাচ্ছে, সেগুলোর মূল উৎস কোথায়? কারা এসব মাদক সংগ্রহ করছে? পরিবহনের সঙ্গে যুক্ত বাহক ছাড়াও নেপথ্যের সরবরাহকারী ও অর্থের জোগানদাতাদের কতটা শনাক্ত করা যাচ্ছে? দূরপাল্লার বাস ও নৌপথ ব্যবহার করে মাদক পরিবহনের ঘটনায় সংশ্লিষ্ট পরিবহনব্যবস্থার নজরদারি কতটা কার্যকর?

বিশেষজ্ঞদের মতে, শুধু বাহক বা খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করে মাদক পাচার বন্ধ করা কঠিন। এর পেছনে থাকা সরবরাহকারী, অর্থের জোগানদাতা, স্থানীয় বিক্রেতা এবং আন্তজেলা নেটওয়ার্ক শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মহাসড়ক ও নৌপথে গোয়েন্দা নজরদারি, পরিবহনে তল্লাশি এবং বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।

মানিকগঞ্জের ভৌগোলিক অবস্থান একদিকে যেমন অর্থনৈতিক ও যোগাযোগের সম্ভাবনা তৈরি করেছে, অন্যদিকে সেই সুবিধা অপরাধী চক্রের কাছে সুযোগ হয়ে উঠছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। কারণ, মাদক শুধু একটি জেলার সমস্যা নয়; এটি আন্তজেলা ও জাতীয় পর্যায়ের সামাজিক নিরাপত্তার সংকট।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকলেও মাদকের উৎস, গন্তব্য ও নেপথ্যের কারবারিদের শনাক্ত করা না গেলে পাচারের এই পথ পুরোপুরি বন্ধ করা কঠিন। তাই এখন সময় শুধু মাদক উদ্ধার ও গ্রেপ্তারের হিসাব প্রকাশের নয়, বরং মানিকগঞ্জকে মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের নেপথ্যের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: