শিবচরে প্রবাসফেরত রাসেলের কমলা চাষে সাফল্য, বাগান দেখতে ভিড়

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

সারাদেশ

বিদেশের কর্মজীবন ছেড়ে দেশে ফিরে কৃষি উদ্যোক্তা হিসেবে সাফল্যের পথে হাঁটছেন মাদারীপুরের শিবচর উপজেলার রাসেল হোসেন। কমলা চাষের স্বপ্ন নিয়ে

2026-11-09T14:06:46+00:00
2026-11-09T14:06:46+00:00
  সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
সারাদেশ
শিবচরে প্রবাসফেরত রাসেলের কমলা চাষে সাফল্য, বাগান দেখতে ভিড়
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:০৬ পিএম 
সংগৃহীত ছবি
বিদেশের কর্মজীবন ছেড়ে দেশে ফিরে কৃষি উদ্যোক্তা হিসেবে সাফল্যের পথে হাঁটছেন মাদারীপুরের শিবচর উপজেলার রাসেল হোসেন। কমলা চাষের স্বপ্ন নিয়ে মাত্র দুই বিঘা জমিতে ৫৫টি গাছ দিয়ে বাগান শুরু করেছিলেন তিনি। ধীরে ধীরে সেই উদ্যোগের পরিধি বেড়ে এখন প্রায় ১০ বিঘা জমিতে গড়ে উঠেছে বিভিন্ন জাতের বিদেশি ফলের বাগান। তাঁর বাগানে কমলার পাশাপাশি রয়েছে পেয়ারা, মাল্টা, আঙুরসহ নানা ধরনের ফলের গাছ। ব্যতিক্রমী এই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।

রাসেল হোসেন শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের বাসিন্দা। কৃষির প্রতি আগ্রহ থেকেই প্রবাসের কর্মজীবন ছেড়ে দেশে ফিরে ফল চাষে মনোযোগ দেন তিনি।

কৃষিনির্ভর ও নদীবেষ্টিত শিবচরে একসময় পাট, ধান, আখ, পেঁয়াজ, রসুন, বাদামসহ বিভিন্ন রবিশস্যের চাষ বেশি হতো। বাণিজ্যিকভাবে বিদেশি ফলের বাগান গড়ে তোলার প্রবণতা তেমন না থাকলেও রাসেলের সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। তাঁর বাগান দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকেরা আসছেন। অনেকে তাঁর কাছ থেকে ফল চাষের পদ্ধতি ও অভিজ্ঞতা সম্পর্কে জানছেন।

উদ্যোক্তা রাসেল হোসেন জানান, তাঁর বাগানে বর্তমানে প্রায় ৬০টি কমলাগাছ রয়েছে। গত দুই বছর ধরে এসব গাছে ফল আসছে। গত বছর থেকে বাণিজ্যিকভাবে কমলা বিক্রি শুরু করেছেন তিনি। গত বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে। ইতিমধ্যে ড্রাগন ও পেয়ারা বিক্রি শেষ করেছেন। বর্তমানে কমলার গাছে রং ধরেছে এবং ফল সংগ্রহও শুরু হয়েছে।

রাসেল বলেন, ‘মহান আল্লাহ রিজিকে যা রেখেছেন, তা-ই পেয়েছি। গত বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে। তবে কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ পেলে আরও ভালো ফলন পাওয়া সম্ভব হতো। ভবিষ্যতে বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

বাগানে দর্শনার্থীদের ভিড় বাড়ায় কিছুটা উদ্বেগের কথাও জানান তিনি। রাসেল বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন অনেক মানুষ বাগান দেখতে আসছেন। সবাইকে বাগানে প্রবেশের সুযোগ দিলে গাছ ও ফলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তরুণদের উদ্দেশে রাসেল বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যাওয়ার পরিবর্তে বেকার যুবকেরা কৃষি ও ফল চাষে মনোযোগ দিতে পারেন। পরিকল্পিতভাবে বাগান গড়ে তুললে এখান থেকেও ভালো আয় করা সম্ভব। কেউ বাগান করতে আগ্রহী হয়ে তাঁর সহযোগিতা চাইলে তিনি পাশে থাকবেন বলেও জানান।

সরেজমিনে দেখা যায়, গাছের ডালে ডালে ঝুলছে চায়না থ্রি জাতের কমলা। বাগানের সবুজ পরিবেশ আর গাছে গাছে কমলার সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে আসছেন দর্শনার্থীরা। কেউ বাগান ঘুরে দেখছেন, আবার কেউ গাছ থেকে সরাসরি কমলা পেড়ে খাওয়ার আনন্দ নিচ্ছেন।

দর্শনার্থীরা জানান, সরাসরি কমলার বাগান দেখার অভিজ্ঞতা তাঁদের জন্য একেবারেই নতুন। গাছে গাছে কমলা ঝুলতে দেখা এবং বাগানের মনোরম পরিবেশ উপভোগ করতে পেরে তাঁরা আনন্দিত। এমন উদ্যোগ এলাকায় আরও ছড়িয়ে পড়া উচিত বলেও মনে করেন তাঁরা।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান বলেন, দেশে এ ধরনের ফলের বাগান বাড়লে বিদেশি ফলের আমদানিনির্ভরতা কমবে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোক্তাদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাসেল হোসেনের মতো প্রবাসফেরত উদ্যোক্তারা কৃষিতে এগিয়ে এলে একদিকে যেমন দেশীয় ফলের উৎপাদন বাড়বে, অন্যদিকে তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। তাঁর উদ্যোগ স্থানীয় তরুণদেরও কৃষিনির্ভর উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা জোগাতে পারে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: