বগুড়ায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পৃথক অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, বার্মিজ চাকু ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ (এটিসি)। এর আগে রোববার রাতে গাবতলী উপজেলার কালাইহাটা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন মামলায় আরও নয়জনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাঁদের নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বগুড়া শহরের চকসুত্রাপুর হাড্ডিপট্টি মহল্লার শামীম হাসান (৬০) ও তাজউদ্দীন শেখ উজ্জল (৪৮)। তাঁদের শরীর তল্লাশি করে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই মহল্লার হেনা বেগম (৪৪) ও জান্নাতি খাতুনের (২৬) হেফাজত থেকে ৪৩ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৩৫ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শাজাহানপুর উপজেলার খোরশেদ আলম হত্যা মামলার আসামি বেল্লাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
এসআরবি জানায়, বগুড়া সদরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধীদের তৎপরতা দমনে পৃথক অভিযান চালানো হয়। এ সময় রিয়াজুল ইসলাম শুভ (২৭) ও নাহিয়ান ইসলাম সিয়ামকে (২৬) গ্রেপ্তার করা হয়। শুভ মাটিডালী উত্তরপাড়া এবং সিয়াম পিটিআই মোড় এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পুলিশের ওপর হামলার মামলায় আরিফ হোসেন (৩২) ও করুল মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁরা শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাখাল হোসেন আকালুকে (৩৫)। তিনি উত্তর চেলোপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে।