ভারতের পশ্চিমবঙ্গের একটি মন্দিরে অগ্নিকাণ্ডের ছবিকে যশোরের কালীবাজারের শ্যামাপূজা মণ্ডপে আগুন লাগার ঘটনা বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে। একটি চক্র বাংলাদেশে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মিরাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে যশোরের কালীবাজারের শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে ছবিটি যশোরের নয়। এটি ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার কালীবাজারে একটি শ্যামাপূজা মণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতে কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পূজামণ্ডপে বৈদ্যুতিক কাজ চলার সময় শর্টসার্কিট থেকে প্যান্ডেলের কাপড়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই পুরো পূজামণ্ডপ পুড়ে ছাই হয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে যশোরের কালীবাজারের মন্দিরে জঙ্গিরা আগুন দিয়েছে বলে বাংলাদেশে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ছাড়া ছবিতে থাকা ব্যানারের ‘JASORA KALIBAZAR’ বানান এবং মণ্ডপের নকশার সঙ্গে যশোরের কালীবাজারের কোনো মিল নেই।
তাই ছবিটিকে যশোরের ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর ও সাম্প্রদায়িক উসকানিমূলক বলে উল্লেখ করেছে পুলিশ। একই সঙ্গে গুজবে কান না দিতে এবং তথ্য যাচাই ছাড়া এ ধরনের পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।