রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দেশের পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কারখানা বন্ধ রাখা কিংবা উৎপাদন ব্যাহত করতে উসকানি দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, গার্মেন্টস কারখানা বন্ধের উদ্দেশ্যে কেউ কোনো কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে যেসব কারখানা বন্ধ হয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগও নেওয়া হবে।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার অনেক কিছুর সঙ্গেই শ্রমিকদের প্রকৃত দাবি-দাওয়ার সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য বাস্তবায়নে কোনো কোনো মহল উৎপাদন বন্ধ রাখার জন্য উসকানি দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। কিছু দুষ্কৃতিকারী হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, শ্রমিকদের দাবি-দাওয়া পূরণের লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ উদ্যোগে শ্রমিকেরা সন্তুষ্ট। শ্রমিকনেতা ও মালিকপক্ষের প্রায় সবার সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছে।
মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা বোর্ডেই হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা চলমান রয়েছে। তাই নতুন করে অস্থিরতা তৈরির কোনো সুযোগ নেই। যারা কারখানা বন্ধ কিংবা উৎপাদন ব্যাহত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, পতিত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কোনো মহল রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।