আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিশু পরিবার ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, সিনেমা হলসহ গুরুত্বপূর্ণ স্থানে দিবসটি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং ফুটবল খেলার আয়োজন থাকবে।
জেলা প্রশাসনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভাও অনুষ্ঠিত হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।