যশোরে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার চৌগাছা থানার মৃধাপাড়া মহিলা কলেজের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের ইজিবাইক তল্লাশি করে ৯০ বোতল উইনকেরেক্স উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. হানিফ (২৯) এবং একই উপজেলার জলুলী উত্তরপাড়া গ্রামের মো. তুজাম্মেল মন্ডলের ছেলে মো. কামরুজ্জামান খোকা (৪৭)।
এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা মাদকদ্রব্য ও আসামিদের যশোরের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।