যশোরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ শার্শার দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইয়াছিন গাজী (২৬) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল গফ্ফার (৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার কোতোয়ালী থানাধীন যশোর-বেনাপোল মহাসড়কে নিউ আকিজ পেট্রোলিয়াম লিমিটেডের সামনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন অভিযানকারী দলের সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। পরে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।