
দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসার অনুকূল পরিবেশ তৈরিতে বিধিবিধান সংস্কার ও সহজীকরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে তারেক রহমান বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিভিন্ন নীতিমালা ও বিধিবিধান সংস্কার এবং সহজ করার উদ্যোগ নিয়েছে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জেবিআইসির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ কারণে দুই পক্ষের মধ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি, আইসিটি ও অবকাঠামো খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাংলাদেশে জেবিআইসির একটি কার্যালয় স্থাপনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতা অব্যাহত রাখায় প্রধানমন্ত্রী জেবিআইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যালয় খোলার অনুরোধ জানানো হলে প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সূত্র: বাসস