
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার। আইজিপির বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আইজিপি তাঁর বক্তব্য থেকে সরে এসেছেন।
এদিকে, মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এ ঘটনাটি দুঃখজনক। মরদেহ নিয়ে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেননি।
রংপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, দেশে উগ্রবাদীদের আস্ফালন রয়েছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ ধরনের অপরাধে জড়িত হবে, বর্তমান সরকারের আমলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভার্চ্যুয়াল সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, ভারত থেকে শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে বাংলাদেশ পছন্দ করছে না। এ বিষয়ে সরকারের অবস্থান আগের মতোই রয়েছে।
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, জুলাই সনদের যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো নিয়েও সরকার কাজ করবে।