ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, যত বাধা-বিভক্তিই আসুক, নগরবাসীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খাল পরিষ্কার অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশাসক বলেন, নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া সিটি করপোরেশনের প্রধান দায়িত্ব। তবে এসব সেবা টেকসই করতে হলে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সিটি করপোরেশন খাল পরিষ্কার এবং দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে। এসব স্থাপনা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও নগরবাসীর।
তিনি বলেন, জনগণের সদিচ্ছা ও সহযোগিতার কারণেই মিরপুর ১০ নম্বরের ২৫ বছর ধরে অবৈধ দখলে থাকা ফুটপাত উদ্ধার করা সম্ভব হয়েছে। গত দুই মাস ধরে সেই ফুটপাত দখলমুক্ত রয়েছে। একইভাবে প্যারিস খাল পরিষ্কার এবং এর পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নেও এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন।
প্যারিস খাল পরিচ্ছন্ন রাখতে ‘ফুটস্টেপস’ ও ডিএনসিসির যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান প্রশাসক।
তিনি বলেন, সামনে ডেঙ্গুর মৌসুম থাকায় মশার প্রজননস্থল ধ্বংস করতে খাল পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ভবন ও বাসাবাড়ির ময়লা সরাসরি খালে ফেলার মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলা সম্ভব নয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম খান বলেন, অতীতে খালের সীমানা নির্ধারণের ক্ষেত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। এসব সমস্যা সমাধানে ডিএনসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
তিনি জানান, দ্রুত খালের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি পুনর্বাসনের কাজ সম্পন্ন করা হবে।
প্যারিস খালের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ফ্রান্সের রাষ্ট্রদূতের উপস্থিতিকে স্বাগত জানিয়ে প্রশাসক বলেন, খালটির উন্নয়ন ও সৌন্দর্যায়ন নিশ্চিত করতে ফ্রান্স সরকারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ রূপকল্প বাস্তবায়নে ডিএনসিসি সর্বাত্মকভাবে কাজ করছে। যেকোনো বাধা মোকাবিলা করে নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হবে।
প্যারিস খাল পরিষ্কার কর্মসূচিতে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুটস্টেপস’-এর প্রতিনিধিরা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।