দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা জরুরি: চিফ হুইপ

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চিফ

2026-10-25T18:34:55+00:00
2026-10-25T18:34:55+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
রাজধানী
দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা জরুরি: চিফ হুইপ
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে তরুণদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও মানসিক চাপ মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের মিলনায়তনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ‘মায়ের হাসি মানসিক স্বাস্থ্য সেবা কেন্দ্র’ এ সেমিনারের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’।

চিফ হুইপ বলেন, তরুণ প্রজন্মের মানসিক সুস্থতা নিশ্চিত করা গেলে তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মশক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করা সম্ভব। এ জন্য মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা ও সেবা নিশ্চিত করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দীন হায়দার বলেন, প্রত্যেক মানুষের মানসিকভাবে সুস্থ থাকা জরুরি। গর্ভাবস্থায় মায়ের মানসিক দুশ্চিন্তা ও উদ্বেগের প্রভাব গর্ভের সন্তানের ওপরও পড়তে পারে। তাই সুস্থ প্রজন্ম গড়ে তুলতে গর্ভকাল থেকেই মায়ের মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র সাইকোলজিস্ট রাখী গাঙ্গুলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সাইফুনন্নাহার সুমি এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের সহসভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ।

সেমিনারে বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যার পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছেন একজন মানুষ ও একটি পরিবার। অথচ অনেকেই একাকী ও নীরবে এ সংকট মোকাবিলা করেন। এখনো সমাজের একটি অংশ মানসিক অসুস্থতাকে রোগ হিসেবে বিবেচনা না করে দুর্বলতা, ব্যক্তিগত ব্যর্থতা, পাপের ফল কিংবা জিন-ভূত বা জাদুটোনার প্রভাব বলে মনে করে। সামাজিকভাবে ‘পাগল’ তকমা পাওয়ার আশঙ্কায় অনেকে চিকিৎসা নিতে দ্বিধা করেন। পরিবারের সদস্যরাও অনেক সময় বিষয়টি গোপন রাখেন। ফলে মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা থেকে বঞ্চিত হন।

বক্তারা আরও বলেন, মানসিক স্বাস্থ্যসেবা ও নীতিনির্ধারণী আলোচনায় যাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে, তাঁদের মতামতকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে গর্ভকালীন ও প্রসব-পরবর্তী বিষণ্নতাসহ মায়েদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো এখনো সমাজে যথেষ্ট গুরুত্ব পায় না। অথচ মায়ের মানসিক সুস্থতার সঙ্গে শিশুর বিকাশ ও পরিবারের সামগ্রিক সুস্থতা গভীরভাবে সম্পর্কিত।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি জানান, বাংলাদেশে প্রতি ছয়জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন কোনো না কোনো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তাঁদের প্রায় ৯২ শতাংশই কোনো ধরনের চিকিৎসাসেবা পান না।

ইকবাল মাসুদ বলেন, দেশের মানসিক স্বাস্থ্যসেবা ঐতিহ্যগতভাবে শহরাঞ্চলের হাসপাতালকেন্দ্রিক। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পাবনা মানসিক হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও হাসপাতালভিত্তিক চিকিৎসার বাইরে সমাজভিত্তিক ফলোআপ ও ডে-কেয়ার সেবার ঘাটতি রয়েছে। বিষণ্নতা, উদ্বেগ ও মাদকাসক্তির পাশাপাশি আত্মহত্যার ঘটনাও পরিস্থিতিকে জটিল করে তুলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালে বাংলাদেশে আত্মহত্যায় ৪ হাজার ৭১৪ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৩ জন। তরুণ ও নারীদের মধ্যে এ সমস্যার প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। তবে আত্মহত্যা প্রতিরোধযোগ্য। এ জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সামাজিকভাবে সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি।

সেমিনারে বক্তারা মানসিক স্বাস্থ্যকে জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করা, চিকিৎসাসেবার পরিধি বাড়ানো এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: