বাউলশিল্পীদের পক্ষে দাঁড়ানোয় বাধা? ধানমন্ডিতে উত্তপ্ত পরিস্থিতি

বিনোদন ডেস্ক

বিনোদন

সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সংস্কৃতিকর্মীরা। এ সময়

2026-10-26T19:38:00+00:00
2026-10-26T19:38:00+00:00
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বিনোদন
বাউলশিল্পীদের পক্ষে দাঁড়ানোয় বাধা? ধানমন্ডিতে উত্তপ্ত পরিস্থিতি
বিনোদন ডেস্ক
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৮ পিএম 
সংস্কৃতিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আজ সোমবার বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে
সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে মানববন্ধন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন সংস্কৃতিকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে এ ঘটনা ঘটে। ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে দেশের বিভিন্ন স্থানে বাউলগান ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। 

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি শুরুর আগেই বিকেল সাড়ে তিনটার দিকে ওই এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিকেল চারটার দিকে অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, দীপক শীলসহ কয়েকজন সংস্কৃতিকর্মী সেখানে জড়ো হন।

তাঁদের উদ্দেশ্য ছিল, দেশের বিভিন্ন স্থানে বাউলগান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা এবং শিল্পীদের ওপর হামলার প্রতিবাদ জানানো। তবে পুলিশের বাধায় নির্ধারিত মানববন্ধন কর্মসূচি শুরু করা যায়নি।

‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বাগ্‌বিতণ্ডা, ঘটনাস্থলে উপস্থিত সংস্কৃতিকর্মীদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। তাঁদের অভিযোগ, পুলিশ সদস্যরা মানববন্ধনে উসকানিমূলক বক্তব্য ও স্লোগান না দেওয়ার নির্দেশনা দেন। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এ নিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে দীপক শীলকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়।

অভিনেত্রী সুমনা সোমা অভিযোগ করেন, তাঁরা দেশজুড়ে বাউলশিল্পীদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রতিবাদ জানাতে এসেছিলেন। কিন্তু পুলিশ তাঁদের কর্মসূচি পালনে বাধা দেয়। দীপক শীলকে আটক করার সময় তাঁকেও টানাহেঁচড়া করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দীপক শীলকে আটকের প্রতিবাদ জানিয়ে সুমনা সোমা তাঁর মুক্তি দাবি করেন।

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠেছিল। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীপক শীলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

অন্যদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, উসকানিমূলক স্লোগান ও কথা বলতে নিষেধ করার পর পাল্টা প্রশ্ন করা হয়। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে।

দীপক শীলকে আটকের পরও ঘটনাস্থলে থাকা সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ জানান। তাঁরা ‘মৌলবাদীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সংস্কৃতির ওপর হামলা, ঘুরে দাঁড়াও বাংলা’ এবং ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচির আয়োজকদের একজন ফারুক এইচ খান বলেন, দেশের বিভিন্ন স্থানে বাউল ও বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণের ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদ জানানোও যদি সহ্য করা না হয়, তাহলে সাংস্কৃতিক কর্মীদের সামনে কঠিন পরিস্থিতি তৈরি হবে।

বিকেল সাড়ে চারটার দিকে সংস্কৃতিকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এর আগে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে একটি বাউলগানের আসরে নারী শিল্পীদের অংশগ্রহণ নিয়ে আপত্তি ওঠে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নারী শিল্পীদের গান পরিবেশনের বিষয়ে আপত্তি জানিয়ে থানায় আবেদন করেন। পরে অনুষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান আয়োজক শওকত আলী। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নারী শিল্পীদের উপস্থিতি নিয়ে আপত্তির কারণেই এ বিতর্ক তৈরি হয়।

এসব ঘটনার প্রতিবাদেই ঢাকায় মানববন্ধনের ডাক দেন সংস্কৃতিকর্মীরা। তাঁদের অভিযোগ, বাউলগান ও সাংস্কৃতিক আয়োজনের ওপর বাধা দেশের সাংস্কৃতিক স্বাধীনতা ও শিল্পীদের মতপ্রকাশের সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি করছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: