বরগুনার বেতাগী উপজেলায় মাদক, জুয়া, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ উন্নয়নকাজ সম্পন্ন করার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।
বেতাগী উপজেলা বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মণি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে চিফ হুইপ জানান, বেতাগীর বিভিন্ন উন্নয়নকাজে ৯১ কোটি টাকার প্রকল্প এসেছে। এ ছাড়া বামনা ও বেতাগী এলাকায় নদীভাঙন রোধে প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৯০টি সেতু নির্মাণের প্রকল্প এসেছে এবং বিভিন্ন সড়কের কাজও শুরু হয়েছে। স্কুল, মসজিদ ও মাদ্রাসার সংস্কারকাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনমান উন্নয়ন এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ।
মাদক, জুয়া, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বেতাগীকে আধুনিক, নিরাপদ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি।